সিপিএমের সঙ্গে জোটে নারাজ ত্রিপুরার কংগ্রেস
ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের বড় একটি অংশ জোট চাইলেও সিপিএম শাসিত একমাত্র রাজ্য ত্রিপুরার নেতারা কোনো অবস্থাতেই বামদের সঙ্গে জোটে যেতে নারাজ। নিজেদের এ মনোভাব দিল্লিতে কংগ্রেস হাইকমান্ডকে জানিয়েও এসেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা।
কংগ্রেসের স্থানীয় মুখপাত্র তাপস দে প্রথম আলোকে জানিয়েছেন, সিপিএম বিরোধিতার প্রশ্নে প্রদেশ কংগ্রেসে কোনো বিরোধ নেই। অন্যদিকে, ত্রিপুরায় সিপিএমের সাধারণ সম্পাদক বিজন ধরও মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কংগ্রেসের সঙ্গে বামেদের জোট অবাস্তব কল্পনা।
ত্রিপুরায় সিপিএমের সবচেয়ে বড় প্রতিপক্ষ কংগ্রেস। রাজ্য বিধানসভার ৬০টি আসনের মধ্যে ১০টি কংগ্রেসের। বাকি সবগুলো আসন সিপিএম নেতৃত্বাধীন বামজোটের। বিজেপির সাম্প্রতিক উত্থানের পরও মূল লড়াই কংগ্রেস বনাম সিপিএমে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে হারাতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের একটা বড় অংশ ওই রাজ্যে সিপিএমের সঙ্গে জোট চাইছেন। তাঁরা ইতিমধ্যেই দিল্লিতে নিজেদের অবস্থান জানিয়ে এসেছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীকে।
ত্রিপুরার কংগ্রেস সভাপতিও দিল্লিতে জোটের বিপক্ষে দরবার করছেন বলে রাজ্য কংগ্রেসের মুখপাত্র তাপস দে জানিয়েছেন। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা মোবাইলে প্রথম আলোকে বলেন, সিপিএমের সঙ্গে তাঁদের নীতি বা কর্মসূচিতে কোনো মিল নেই। বহু কংগ্রেস কর্মী সিপিএমের অত্যাচারে প্রাণ হারিয়েছেন। শুধু ক্ষমতার লোভে সিপিএমের সঙ্গে কংগ্রেসের মতো ঐতিহ্যবাহী দল জোট করতে পারে না বলেও দাবি তাঁর। এর পাশাপাশি ত্রিপুরায় বিরোধী দলের নেতা সুদীপ রায় বর্মণ প্রথম আলোকে বলেন, কিছু স্বার্থান্বেষী নেতা নিজেদের আখের গোছাতে সিপিএমের সঙ্গে জোট চাইছেন। ৩৪ বছরে সিপিএমের অত্যাচারে প্রাণ হারানো কংগ্রেস কর্মীদের কথা তাঁরা ভুলে গিয়েছেন। কিন্তু কংগ্রেস হাইকমান্ড কোনো অবস্থাতেই সিপিএমের সঙ্গে জোট করবে না বলেই তাঁর বিশ্বাস।
সুদীপ রায়ের মতে, সিপিএমের সঙ্গে জোট করা হলে সাধারণ কংগ্রেস কর্মীদের আত্মত্যাগকেই অপমান করা হবে। তাই কিছুতেই জোট হচ্ছে না বলেই তাঁর বিশ্বাস। দলের অপর মুখপাত্র অশোক সিনহা প্রথম আলোকে বলেন, সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট হলে রাজ্যে বিজেপিরই শক্তি বাড়বে।
তবে ত্রিপুরার বিজেপি নেতারা অবশ্য এ সম্ভাব্য জোটের মধ্যে আশ্চর্যের কিছু দেখছেন না। দলের মুখপাত্র অরুণ কান্তি ভৌমিক প্রথম আলোকে, কংগ্রেস ও সিপিএমের দোস্তি বহুদিনের। এবার সেটা প্রকাশ্যে আসছে। এতে অবাক হওয়ার কিছু নেই।
বিরোধী দলগুলোর সমালোচনার জবাবে সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর প্রথম আলোর কাছে ব্যক্তিগতভাবে মন্তব্য করেন, কংগ্রেস-সিপিএম জোট অবাস্তব কল্পনা। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন রায় পাশাপাশি স্মরণ করিয়ে দেন, অন্য রাজ্যের বিষয়ে কথা বলা কমিউনিস্ট দলের পক্ষে শোভনীয় নয়।
প্রসঙ্গত, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আগরতলাতেই প্রথম আলোকে জানিয়েছিলেন, ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি দলের পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। তার আগে পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যকে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। সেইমতো কলকাতায় পশ্চিমবঙ্গের সিপিএম রাজ্য কমিটি ১২ ও ১৩ ফেব্রুয়ারি বৈঠক করছেন।