সিবিআইকে তদন্তের ভার দিলেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় খ্রিষ্টান সন্ন্যাসিনী (নান) গণধর্ষণের শিকার হওয়ার পর পাঁচ দিন কেটে গেছে। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত কোনো অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। তবে রানাঘাটের গাঙনাপুরের কনভেন্ট অব জেসাস মেরির এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অন্তত ১৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এ ঘটনার তদন্তভার ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের ওপর ন্যস্ত করার সিদ্ধান্ত নেন। এক টুইটার বার্তায় মমতা বলেছেন, এ ঘটনার সংবেদনশীলতা ও গুরুত্ব বিবেচনা করে তদন্তের ভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তদন্তের ভার তুলে দিয়েছিল রাজ্য পুলিশের সিআইডির হাতে।
এদিকে ঘটনার প্রতিবাদে গতকাল থেকে রানাঘাটে ছাত্রছাত্রীসহ স্থানীয় মানুষ ধর্ষকদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছেন। এ ছাড়া গতকাল ইতালির কনসাল জেনারেল সিজার বিয়েলার ঘটনাস্থলে গিয়ে কথা বলেছেন। ঘটনাস্থলে গিয়েছেন আর্চ বিশপ টমাস ডি সুজা। গতকাল বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের ভারতীয় দুজন প্রতিনিধি কার্ডিনাল ব্যাসিলিওস ক্লিমিস ও ফাদার জোসেফ চিন্নায়ন রানাঘাটে গিয়ে নানদের সঙ্গে কথা বলেছেন।
গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সাত-আটজন দুষ্কৃতকারীর একটি দল কনভেন্টের দেয়াল টপকে ভেতরে ঢুকে প্রায় ১২ লাখ টাকা লুট করে। বাধা দিতে এলে ৭১ বছর বয়সী ওই সন্ন্যাসিনীকে গণধর্ষণ করা হয়।