সিবিআইকে নির্ভীক ও নিরপেক্ষভাবে কাজ করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন জাতীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) কার্যকারিতা দেশজুড়ে বিস্তৃত। প্রতিটি মানুষেরও আস্থা, বিশ্বাস এবং ভরসা সিবিআইয়ের ওপর। মানুষ এখনো বিশ্বাস করে, সিবিআই তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসে।

সেই সিবিআইয়ের বর্তমান কার্যকারিতা নিয়ে আজ রোববার সকালে এক সেমিনার অনুষ্ঠিত হয় কলকাতার একাডেমি অব ফাইন আর্টসের সেমিনার হলে। আয়োজন করে কলকাতার সেন্টার ফর পিস অ্যান্ড প্রোগ্রেস। সেমিনারে যোগ দেন সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিম, সাবেক কংগ্রেস সাংসদ সরদার আমজাদ আলী, বিজেপির আইনজীবী স্বপন দাস, অধ্যাপক সৈয়দ তানভির, ওপি শাহ প্রমুখ।

আলোচকেরা বলেন, সিবিআই তার নিজের পথে কাজ করবে নির্ভীক ও নিরপেক্ষভাবে। তারা আরও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইকে ‘কন্সপিরেসি ব্যুরো অব ইন্ডিয়া’ হিসেবে অভিহিত করলেও এই মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলে ছিলেন, তখন তিনি এই রাজ্যের প্রায় প্রতিটি ঘটনার জন্য সিবিআই তদন্তের দাবি করেছেন। আর এখন তিনি সিবিআইয়ের বিরোধিতা করছেন।