সিমি 'জঙ্গিদের' নিহত হওয়া নিয়ে কঠিন প্রশ্ন
ভারতে জেল থেকে পালানো নিষিদ্ধ সংগঠন সিমির ‘জঙ্গিদের’ নিহত হওয়াকে কেন্দ্র করে কঠিন প্রশ্ন উঠতে শুরু করেছে। সত্যিই পুলিশের সঙ্গে সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে, নাকি ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে রাজনীতি ও বিবৃতির লড়াই। এরই মধ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ‘কয়েকজন কট্টর জঙ্গি, যারা মারাত্মক সব ঘটনা ঘটাতে পারত, তাদের মৃত্যুকে কেন্দ্র করে “জঘন্য রাজনীতি” শুরু হয়েছে।’
মধ্যপ্রদেশের রাজধানী ভূপালের সেন্ট্রাল জেল থেকে দিওয়ালির রাতে পালানো স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) আট ‘জঙ্গির’ গুলিবিদ্ধ মৃতদেহ গত সোমবার শহরের উপকণ্ঠে পাওয়া যায়। পুলিশ বলেছে, তাদের সঙ্গে সংঘর্ষেই ওই জঙ্গিদের মৃত্যু হয়েছে। কিন্তু মুঠোফোনে তোলা এক ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ আহত একজনকে গুলি করে মারছে। অন্য এক ভিডিও বোঝাচ্ছে, জঙ্গিরা আত্মসমর্পণ করতে চাইছিল। কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া হয়নি। এই ‘হত্যাকাণ্ড’ বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে। আর তা নিয়ে শুরু হয়েছে রাজ্যের শাসক বিজেপির সঙ্গে বিরোধী কংগ্রেস নেতাদের বিবৃতির লড়াই।
রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের অভিযোগ, ওই সন্ত্রাসীদের পুলিশ ঠান্ডা মাথায় খুন করেছে। কারণ তারা অনেক কিছু ফাঁস করে দিত। রাজ্যের জেলখানা কীভাবে চলছে, সে বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, আদালতের নজরদারিতে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) বিষয়টি তদন্ত করা প্রয়োজন। নিহত ব্যক্তিদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে পুলিশ যে দাবি করেছে, তাতে বিস্ময় প্রকাশ করে দিগ্বিজয়™বলেন, সদ্য জেল থেকে পালিয়ে কী করে তারা আগ্নেয়াস্ত্র পেল?
বিরোধীদের তোলা এই প্রশ্নের কোনো জবাব রাজ্য সরকারের কেউ দেননি বা সন্দেহের নিরসনও প্রশাসন ঘটায়নি। জেল থেকে পালানোর আগে জঙ্গিরা রমাশঙ্কর যাদব নামে এক কারারক্ষীকে গলা কেটে খুন করে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল মঙ্গলবার নিহত সেই রক্ষীর বাড়িতে যান। সেখানে তিনি বলেন, ‘যিনি শহীদ হলেন, তাঁর জন্য বিরোধীদের কেউ এক ফোঁটা চোখের জল ফেলছেন না। এই জঙ্গিরা এর আগেও জেল ভেঙেছে। খুন করেছে খান্ডোয়া জেলের দুই কারারক্ষীকেও। এটা তাদের তৃতীয় হত্যা। ঘৃণ্য এই সন্ত্রাসীদের মৃত্যুতে কেঁদে বুক ভাসাচ্ছেন তাঁরাই, যাঁরা ভোট ব্যাংকের রাজনীতিতে অভ্যস্ত। এই রাজনীতির নিন্দা করি।’
কারারক্ষী রমাশঙ্কর যাদবকে হত্যার পর বিছানার চাদর জুড়ে জুড়ে জঙ্গিরা ৩০ ফুট উঁচু জেলের পাঁচিল টপকে পালায়। ওই ঘটনা গোটা জেলে আর কোনো রক্ষী কেন টের পেল না তা-ও বিস্ময়ের! জেলের কয়েকজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে ওই জেল সূত্রের খবর, এমনটা ঘটার আশঙ্কা আগে থেকেই প্রকাশ করা হচ্ছিল। একটি কারা সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, ভূপাল সেন্ট্রাল জেলে মোট ২৯ জন সিমি জঙ্গিকে রাখা হয়েছিল। এ নিয়ে জেলের কর্তারা নাকি বহুবার তাঁদের আপত্তির কথা উচ্চতর কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, কিন্তু লাভ হয়নি। সেন্ট্রাল জেলের হেড জেলার এল কে এস ভাদৌড়িয়া সংবাদ সংস্থাকে বলেন, ‘সিমির লোকজনকে আলাদা করে রাখার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু কেউ শোনেনি।’ রাজ্যের কারামন্ত্রী কুসুম মেহদালে নিজেদের ত্রুটির কথা স্বীকার করে বলেছেন, সেদিন জেলের কোনো সিসিটিভি কাজ করছিল না। জেলের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।