সিস্টার ধর্ষণের ঘটনায় আটক আটজন
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার একজন সিনিয়র সিস্টারকে গণধর্ষণের মামলায় পুলিশ গতকাল রোববার আটজনকে আটক করেছে। গত শুক্রবার রাতে নদীয়ার রানাঘাটের গাঙনাপুরে কনভেন্ট অব জেসাস মেরি চার্চে এই সিস্টার ধর্ষণের শিকার হন। ধর্ষিত সিস্টারের বয়স ৭১ বছর।
ওই ধর্ষণের ঘটনার পর সিআইডি পুলিশ তদন্তে নেমে ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ছবি দেখে চার দুষ্কৃতকারীর খোঁজ পায়। এর পরই পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে আটক করে। পশ্চিমবঙ্গ সরকার দুষ্কৃতকারীদের ধরিয়ে দেওয়ার জন্য এক লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে।
শুক্রবার রাত আড়াইটার দিকে সাত-আটজনের একদল দুষ্কৃতকারী স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীকে বেঁধে স্কুলের অফিসকক্ষে ঢোকে। এরপর তারা অফিস থেকে ১২ লাখ টাকা লুট করে। এ সময় ওই কনভেন্ট স্কুলের উপস্থিত সিস্টাররা বাধা দিলে তাঁদের বেঁধে রাখে দুষ্কৃতকারীরা। এ সময় সিনিয়র সিস্টার দুষ্কৃতকারীদের বাধা দিতে এলে তাঁকে গণধর্ষণের শিকার হতে হয়।