সীমান্ত বিল কাল উঠছে ভারতের মন্ত্রিসভায়
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাল বুধবার সীমান্ত চুক্তি বিল আলোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভার অনুমোদন পেলে আগামী সপ্তাহেই বিলটি ভারতীয় সংসদের দুই কক্ষে পাস করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার এক সূত্র আজ মঙ্গলবার এ কথা জানায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সীমান্ত চুক্তি রূপায়ণের জন্য ১১৯তম সংবিধান সংশোধন বিলের প্রতিবেদন সর্বসম্মতভাবে প্রস্তুত করেছে। গত সপ্তাহে সেই রিপোর্ট কমিটির চেয়ারম্যান কংগ্রেস নেতা সাবেক মন্ত্রী শশী থারুর লোকসভায় পেশ করেন। সেই রিপোর্টই মন্ত্রিসভার কালকের বৈঠকে আলোচনা হওয়ার কথা। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরই এই বিল সংসদের উভয় কক্ষে পেশ করা হবে। সরকার চায়, যত দ্রুত সম্ভব বিলটি পাস করাতে। স্থায়ী কমিটির প্রতিবেদনে অভিমতও তা–ই। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ১৮ ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ পাঁচ দিনের সফরে ভারতে আসছেন। সরকার চাইছে, তার আগেই বিলটি পাস হোক।
সীমান্ত বিল পাস করাতে এই মুহূর্তে অবশ্য আর কোনো বাধা নেই। কংগ্রেস আমলে বিলে বাধা দিয়েছিল আসাম ও পশ্চিমবঙ্গের বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। নরেন্দ্র মোদির নেতৃত্বে দিল্লি দখলের পর বিজেপির কেন্দ্রীয় নেতারা বিরোধিতার পথ থেকে সরে আসেন। প্রধানমন্ত্রী সম্প্রতি আসামে গিয়ে এই চুক্তি রূপায়ণের প্রয়োজনীয়তার কথা প্রকাশ্য জনসভায় জানিয়ে দেন। একই রকম মানসিকতা দেখান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কোচবিহারে এক জনসভায় ছিটমহলবাসীদের উপস্থিতিতে তিনি এই চুক্তি সমর্থনের কথা জানিয়েছেন। তার আগে বাংলাদেশের এক সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকেও মুখ্যমন্ত্রী চুক্তি রূপায়ণে সায় দেওয়ার কথা জানিয়েছিলেন। বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলি আজ মঙ্গলবার বলেন, তাঁরা আশা করছেন দ্রুতই এই চুক্তি রূপায়িত হবে। তিনি এ কথাও বলেন, তিস্তা চুক্তি নিয়েও যথেষ্ট ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সীমান্ত চুক্তির বিরোধিতা করেছিল অসম গণপরিষদ ও অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন বা আসুও। কিন্তু সংসদে এই দুই দলের কোনো সদস্য এই মুহূর্তে নেই। ফলে বিল পাস হওয়াটা কোনো সমস্যাই নয়। প্রশ্নটা হলো, কবে?
এই প্রশ্নের উত্তরেই এক কেন্দ্রীয় মন্ত্রী মঙ্গলবার জানান, বুধবার মন্ত্রিসভার বৈঠকে বিলটি আলোচিত হওয়ার সম্ভাবনা প্রবল। তিনি বলেন, প্রধানমন্ত্রী অবশ্য জানিয়েছেন, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিলের আলোচনায় সপ্তাহের যেকোনো দিনেই মন্ত্রিসভার বৈঠক ডাকা হতে পারে। কাল বিলটি মন্ত্রিসভার অনুমোদন পেলে তা সাংসদদের মধ্যে বিলি করা হবে। সাধারণত সংবিধান সংশোধন বিল বিবেচনার জন্য সাংসদদের সাত দিন সময় দেওয়া হয়।