সীমান্ত বিল ঘিরে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সীমান্ত বিল নিয়ে নতুন করে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। আসামকে বাদ দিয়ে এই বিল আনা হলে কংগ্রেস তা সমর্থন করতে রাজি না। কংগ্রেসের বক্তব্য, তারা খণ্ডিত বিল সমর্থন করবে না। সরকার আবার আসামকে বাদ দিয়ে বিলটি পাস করাতে চাইছে যেহেতু ‘আসামবাসীদের কাছে এটা একটা আবেগের বিষয়’ এবং আসাম বিধানসভার নির্বাচন আগামী বছরের মাঝামাঝি। 
বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি রূপায়ণে ১১৯তম সংবিধান সংশোধন বিলটি সেই ইউপিএ-র আমল থেকে ঝুলে রয়েছে। অবশেষে সংসদীয়-বিষয়কমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু গত বুধবার জানান, ৫ মে-র পরে এই বিলটি রাজ্যসভায় পেশ করা হবে। সরকারি সূত্রে এ কথাও জানা যায় যে, আসামকে ওই বিলের আওতা থেকে বাদ দেওয়া হচ্ছে। পরের দিন, গতকাল বৃহস্পতিবার লোকসভায় সংসদীয় প্রতিমন্ত্রী রাজীব প্রতাপ রুডিও জানান, আগামী সপ্তাহে যে বিলগুলো সরকার এই কক্ষে আনতে চায় তার মধ্যে সীমান্ত বিলও আছে। সরকারের এই ঘোষণার মধ্য দিয়ে পরিষ্কার, রাজ্যসভায় পাস করিয়ে ৮ মে লোকসভার অধিবেশন শেষ হওয়ার আগে সরকার নিম্নকক্ষে বিলটি পাস করাতে চায়। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছেন, এই বিল পাস করিয়ে জুন মাসে বাংলাদেশ সফরে যেতে।
কিন্তু সরকার আগ্রহী হলেও তা কি সম্ভব হবে? প্রশ্নটা উঠেছে কারণ, কংগ্রেস এই খণ্ডিত বিলকে সমর্থন করতে চাইছে না। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এ নিয়ে আজকালের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যদিও রাজ্যসভার বিরোধী নেতা কংগ্রেসের গুলাম নবি আজাদ ও উপ নেতা আনন্দ শর্মা পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে গতকাল জানিয়ে দিয়েছেন, আসামকে বাদ রেখে বিলটি পাস করানোর চেষ্টা হলে কংগ্রেস তার বিরোধিতা করবে। এই দলের এক শীর্ষ নেতা গতকাল প্রথম আলোকে বলেন, বিজেপি আগামী বছর আসাম বিধানসভার নির্বাচনে জিততে সেই রাজ্যের নেতাদের চাপে আসামকে বাদ দিয়ে বিলটি আনতে চাইছে। কংগ্রেস কেন তাদের রাজনৈতিক অভিসন্ধি সফল হতে দেবে? আসাম থেকে রাজ্যসভায় নির্বাচিত কংগ্রেস সদস্য পঙ্কজ বোরা প্রথম আলোকে বলেন, ‘আমরা বিজেপিকে রাজনৈতিক সুবিধে নিতে দেব না। তবে বিলটা কীভাবে সরকার আনছে তা দেখেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। বৃহস্পতিবার গুয়াহাটিতে তিনি বলেছেন, বিজেপি প্রথমে এই বিলে আপত্তি জানায়। তখন তারা বিরোধী পক্ষ। ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিল পাস করানোর জন্য জনগণকে সহায়তা করার কথা বলেন। আসামের জমিতে দাঁড়িয়ে তিনি এই আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের কথা বলেছিলেন। এখন তারা আসামকে বাদ দিয়ে চুক্তি রূপায়ণ করতে চাইছে। গগৈ আরও বলেন, আসামকে বাদ দিয়ে বাংলাদেশের সঙ্গে সীমান্ত বিরোধ মেটানো যাবে না। নির্দিষ্ট সীমানা না টানা গেলে স্থায়ী সীমান্তও হবে না।
বিজেপির অবশ্য বেশি চিন্তা ছিল তৃণমূল কংগ্রেসকে নিয়ে। ভেঙ্কাইয়া নাইডু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর গতকাল সকালে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও তাঁকে ফোন করেন। সুষমাকে মমতা বলেন, দুই বাংলার স্বার্থেই তাঁরা এই চুক্তি বাস্তবায়নে আগ্রহী। তাতে আসামকে বাদ রাখলেও তাঁদের আপত্তি নেই। তৃণমূল সূত্রে খবর, পশ্চিমবঙ্গের জন্য যে আর্থিক প্যাকেজ কেন্দ্র দিচ্ছে, পুনর্বাসনের যেসব প্রকল্প নিয়েছে, তাতে রাজ্য খুশি। মমতা এ কথাও পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, ছিটমহলবাসীদের দুর্দশা যত দ্রুত ঘোচে তত মঙ্গল। তাই তাঁরা এই বিলে পূর্ণ সমর্থন দেবেন।
তৃণমূল কী করবে তা জানতে আগ্রহী কংগ্রেসও। কংগ্রেসের দুই শীর্ষ নেতা গুলাম নবি আজাদ ও আনন্দ শর্মা তাই বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্যসভার সদস্য ডেরেক ওব্রায়ানের সঙ্গেও কথা বলেন। তাঁদের মূল আগ্রহ, তৃণমূল খণ্ডিত বিলে সমর্থন দেবে কি না। ডেরেক তাঁদের দলীয় সিদ্ধান্ত জানিয়ে দেন। তিনি পাল্টা জানতে চান কংগ্রেস কী করবে। গুলাম নবি আজাদ ও আনন্দ শর্মা তাঁকে বলেন, বিষয়টি গোলমেলে। বিজেপি কীভাবে এটা করতে চাইছে তা দেখতে হবে। তবে কংগ্রেস খণ্ডিতভাবে সীমান্ত বিল রূপায়ণে রাজি নয়। দলের সভানেত্রী সোনিয়া গান্ধী শিগগিরই শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
কংগ্রেসের একাংশের মতে, ইউপিএ যখন এই বিল আনতে চেয়েছিল, বিজেপি তখন তীব্র আপত্তি জানিয়েছিল। তারা সংসদের ভেতর বাইরে এই বিলের চরম বিরোধিতা করেছিল। এখন তারা দলীয় স্বার্থে কংগ্রেসের আমলে পেশ করা বিলে সংশোধনী এনে তা পাস করাতে চাইছে। সেটা করার একমাত্র উদ্দেশ্য আসামের রাজনৈতিক ক্ষমতা দখল। বিজেপির এই ক্ষুদ্র স্বার্থ কংগ্রেস কেন চরিতার্থ হতে দেবে? কংগ্রেসের আসাম নেতৃত্বও প্রশ্ন তুলেছে, বিধানসভার ভোটে বিজেপির সুবিধে করে দিতে কংগ্রেস কেন সাহায্যের হাত বাড়িয়ে দেবে?
সংবিধান সংশোধন বিল সংসদের উভয় কক্ষে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থনে পাস করাতে হয়। তৃণমূল কংগ্রেসের সমর্থন সরকার পাচ্ছে। বামেরাও এই বিলকে সমর্থন দেবে। সিপিএমের লোকসভা সদস্য মহম্মদ সেলিম প্রথম আলোকে বলেছেন, আসামকে বাদ রাখার জন্য বিজেপির সমালোচনা তাঁরা করবেন। তবে ভারত ও বাংলাদেশের স্বার্থে বিলের পক্ষে ভোট দেবেন। তবে কংগ্রেস বিলের সক্রিয় বিরোধিতা করলে রাজ্যসভায় বিল পাস হওয়া কঠিন। বিজেপির এক শীর্ষ নেতা এই আশঙ্কার কথা স্বীকার করে গতকাল বৃহস্পতিবার বলেন, শেষ পর্যন্ত সীমান্ত বিলের ভাগ্যে কী লেখা আছে তা এখনই বলা সম্ভব নয়।