সীমান্ত শান্ত রাখতে সচেষ্ট থাকবে ভারত ও পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত শান্ত রাখতে ভারত ও পাকিস্তান সচেষ্ট থাকবে—এই আশা প্রকাশ করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকদের তিন দিনের বৈঠক শেষ হয়েছে গতকাল শনিবার। ঠিক হয়েছে, আগামী বছরের প্রথমার্ধে দুই বাহিনীর মহাপরিচালকেরা পাকিস্তানে ফের মিলিত হবেন। ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্রগুলো কী রকম হবে, তিন দিনের বৈঠকে তা-ও ঠিক হয়েছে।
ভারতের রাজধানী দিল্লিতে বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, এই আলোচনা হয়েছে খুবই গঠনমূলক পরিবেশে। সীমান্ত শান্ত রাখতে সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টি দুই দেশই উপলব্ধি করেছে।
সীমান্ত এলাকা নিয়ে পারস্পরিক উদ্বেগের যে বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে সেগুলোর মধ্যে প্রধান হলো যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গোলাগুলি চালানো। এতে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ যে চরমে ওঠে, তা দুই দেশই উপলব্ধি করেছে। এ ছাড়া মাদক চোরাচালান, অনুপ্রবেশ, জঙ্গি তৎপরতা ও প্রতিরক্ষার জন্য বিভিন্ন ধরনের স্থাপনার বিষয়গুলো নিয়েও কথা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ভুল করে যাঁরা সীমান্ত পেরিয়ে অন্য দেশে চলে যান তাঁদের ফেরত পাঠানোর বিষয়টি কীভাবে সক্রিয়তার সঙ্গে করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। ঠিক হয়েছে, বেসামরিক নাগরিকদের ক্ষেত্রে দুই বাহিনীই খুব সাবধানী মনোভাব নেবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, ভারত যে সীমান্ত শান্ত রাখতে একান্তই আগ্রহী এবং প্রথম গুলি ছুড়তে চায় না, সে কথা খুবই স্পষ্টভাবে পাকিস্তান রেঞ্জার্সদের (পাকিস্তানী সীমান্তরক্ষী বাহিনী) জানিয়ে দেওয়া হয়েছে। এ কথাও তাদের বলা হয়েছে, সশস্ত্র জঙ্গিদের জন্য সীমান্ত খুলে না রেখে তারা যেন তাদের মোকাবিলায় সচেষ্ট হয়। কারণ, জঙ্গি রুখতে ভারতীয় বাহিনীর সক্রিয়তায় কোপ পড়ে রেঞ্জার্সেরই ওপর।