সীমান্তবর্তী তিন জেলার লোক সবচেয়ে কম বাদ পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসামে সন্দেহের চোখে দেখা হচ্ছে বাঙালিদের। ছবি: সংগৃহীত
আসামে সন্দেহের চোখে দেখা হচ্ছে বাঙালিদের। ছবি: সংগৃহীত

আসামে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোর বাসিন্দাদের মধ্যে সবচেয়ে কম মানুষের নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

সদ্য প্রকাশিত জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) খসড়া তালিকা থেকে বাদ পড়া ৪০ লাখ ৭ হাজার ৭০ জন আসামের বাসিন্দার মধ্যে সীমান্তবর্তী তিন জেলার লোক সবচেয়ে কম। অথচ বলা হচ্ছিল, এই জেলাগুলোয় ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীর’ সংখ্যা সবচেয়ে বেশি।

চূড়ান্ত তালিকায় বাদ পড়াদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাদ পড়াদের বেশির ভাগকে ‘বাংলাদেশি’ বলা হচ্ছে।

এনআরসির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশ সীমান্তবর্তী কাছাড়, করিমগঞ্জ ও ধুবড়ি জেলায় শতকরা হারে কম নাম বাদ পড়েছে। সবচেয়ে বেশি নাম বাদ পড়ার হার বাংলাদেশ থেকে অনেক দূরে দরং জেলায় (৩১ দশমিক শূন্য ৩ শতাংশ)। এমনকি রাজধানী গুয়াহাটিতেও এই হার অনেক বেশি। নওগাঁও জেলায় ৩০ দশমিক ৪২ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী ধেমাজি জেলায় বাদ পড়েছে ৮ দশমিক ৪ শতাংশ, করিমগঞ্জে ৮ দশমিক ৪৬ শতাংশ এবং কাছাড়ে ১২ দশমিক ৫৪ শতাংশ। অথচ এই জেলাগুলোকে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ ঘাঁটি বলে কটাক্ষ করা হচ্ছিল।

দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং অভিযোগ করেন, দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় আসামের ‘বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশিদের’ পুনর্বাসনের গোপন চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার। তবে তাঁর দলেরই বিনয় তামাং গোষ্ঠী এই অভিযোগ অস্বীকার করেছে। এই গোষ্ঠীর নেতা অনিত থাপা পাল্টা বলেছেন, ‘উনি (বিমল গুরুং) গুজব ছড়িয়ে পাহাড়ে অশান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন।’