সীমান্তবাসীর উন্নয়নে খরচ বাড়াচ্ছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত এলাকার উন্নয়নে ভারত বার্ষিক খরচ ৯৯০ কোটি রুপির থেকে বাড়িয়ে করছে ১ হাজার ১০০ কোটি রুপি। আজ সোমবার উত্তর-পূর্ব ভারতের মিয়ানমার সীমান্তবর্তী চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

আজ সোমবার আইজলে মিজোরাম বিধানসভার সম্মেলনকক্ষে নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মিয়ানমার সীমান্ত নিয়ে বৈঠক ছিল রাজনাথ সিংয়ের। বৈঠকে উচ্চপদস্থ কর্মকর্তারাও ছিলেন। এ বৈঠকে সীমান্ত এলাকার উন্নয়নে বাড়তি গুরুত্ব দেন রাজনাথ সিং। সরকারি বিবৃতি অনুযায়ী রাজনাথ সিং জানান, ভারতে ২০১৬-১৭ অর্থবছরে (এপ্রিল থেকে মার্চ) সীমান্ত এলাকার উন্নয়নে বরাদ্দ ছিল ৯৯০ কোটি রুপি। আন্তর্জাতিক সীমান্তের ১৭টি রাজ্যে এবার সেটা বাড়িয়ে করা হয়েছে ১ হাজার ১০০ কোটি রুপি। শুধু মিয়ানমার সীমান্তবর্তী চার রাজ্যে সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্পে (বিএডিপি) গত তিন বছরে ভারত খরচ করেছে ৫৬৭ কোটি ৩৯ লাখ রুপি।
১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ ভারত ও মিয়ানমার সীমান্তে উভয় পারের বাসিন্দাদের জন্যই রয়েছে অবাধে অন্যের সীমানায় আট কিলোমিটার ঘুরে বেড়ানোর অনুমতি। এমনকি একে অন্যের ভূখণ্ডে তিন দিন-তিন রাত বসবাসও করতে পারেন। কিন্তু এখন পরিস্থিতি বদলাতে পারে।
এদিনের বৈঠকে স্বীকার করা হয়, ভারত-মিয়ানমার সীমান্তের পরিবেশ বন্ধুত্বমূলক। তবে ভারতীয় জাল মুদ্রা থেকে মাদকদ্রব্য এবং অস্ত্র চোরা কারবারিরা এই সীমান্ত ব্যবহার করছে বলে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। সন্ত্রাসবাদীরাও এই পথ ব্যবহার করছে বলেও অভিযোগ ওঠে। ইন্দো-মিয়ানমার সীমান্তের দায়িত্বে রয়েছে আসাম রাইফেলস। এদিনের বৈঠকে রাজনাথ আসাম রাইফেলসের পাশাপাশি রাজ্য সরকারগুলোকেও সতর্ক করে দেন।