প্রতিবেশী চীনের সঙ্গে সম্পর্কে উত্তেজনার পরিপ্রেক্ষিতে সিকিম সীমান্তে ভারত আরও সেনা পাঠিয়েছে। সেখানে দুই পক্ষের সেনা সদস্যরা আক্রমণাত্মক অবস্থানে না গেলেও ১৯৬২ সালের পর দুই দেশের মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ অচলাবস্থা।
এদিকে চীন গতকাল সোমবার অভিযোগ করেছে, ভারত ১৮৯০ সালের সীমান্ত চুক্তি লঙ্ঘন করেছে। যুক্তরাজ্য ও চীনের মধ্যে সম্পাদিত ওই চুক্তি ভারতের আগের সব সরকার মেনে চলেছিল।
ভারতের সিকিম রাজ্যের পার্বত্য এলাকায় চীনা ও ভারতীয় সেনারা প্রায় মাসব্যাপী অবস্থান নিয়ে রয়েছেন। দুই দেশের মধ্যে সাড়ে ৩ হাজার কিলোমিটারের অভিন্ন সীমান্ত রয়েছে। এর একটি বড় অংশ নিয়েই পরস্পরের মধ্যে বিরোধ চলছে।
চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) গত ৬ জুন হামলা চালিয়ে ভারতীয় সেনাদের দুটি বাংকার ধ্বংস করে দেওয়ার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। সিকিমের কাছে দোকা লা এলাকায় ২০১২ সালে নির্মিত বাংকার দুটি সরিয়ে নিতে পিএলএ ১ জুন ভারতের প্রতি আহ্বান জানিয়েছিল। ভারতীয় সেনাবাহিনী ভুটান-চীন সীমান্তে টহল দেওয়ার সুবিধার্থে বাংকার দুটি তৈরি করে।
সীমান্তে উত্তেজনা নিয়ে ভারত-চীনের পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত রয়েছে। চীন ১৯৬২ সালের যুদ্ধে ভারতের পরাজয় স্মরণ করিয়ে দিলে জবাবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেন, তখনকার ভারত আর এখনকার ভারত এক নয়। জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বলেছে, চীনও সেই সময়ের তুলনায় অনেক বদলেছে। এবং ভৌগোলিক সার্বভৌমত্ব সুরক্ষায় তারা সব ধরনের ব্যবস্থা নেবে।