সুখ মন্ত্রণালয়ের পর এবার সুখের সূচক
সুখের সূচক নির্ধারণ করতে চায় ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার। এ জন্য তারা দেশটির পশ্চিমবঙ্গের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি-আইআইটি খড়গপুরের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
গত বছরের জুলাই মাসে মধ্যপ্রদেশ সরকার আনন্দ মন্ত্রণালয় নামে সুখ মন্ত্রণালয় স্থাপন করে। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি প্রথম ‘সুখমন্ত্রী’ হন। ১৬ মে মধ্যপ্রদেশ সরকার রাজ্যের সুখের সূচক নির্ণয়ের জন্য খড়গপুর আইআইটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ভারতের আইআইটির মধ্যে শুধু খড়গপুরেই সুখ কেন্দ্র আছে।
এ বিষয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চৌহান বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভুটান ও যুক্তরাজ্য সুখের সূচক নির্ধারণ করেছে। প্রাচীন ভারতীয় প্রজ্ঞা বলছে, জীবনকে সুখ ও আনন্দে ভরিয়ে দেওয়ার প্রচেষ্টা কখনোই শেষ হয় না। পুরোনো এই জ্ঞানকে সমকালীন সমাজবাস্তবতায় তুলে আনা হবে।’
এ বছর বিশ্ব সুখ সূচকে ভারতের অবস্থান ছিল ১২২। এর আগের বছর দেশটির অবস্থান ছিল ১১৮।
মধ্যপ্রদেশের রাজ্য আনন্দ সংস্থান ইনস্টিটিউট বা সুখ ইনস্টিটিউটের প্রধান জানান, খড়গপুর আইআইটি সুখ সন্ধানের জন্য একটি প্রশ্নপত্র তৈরি করবে। এরপর তারা রাজ্যব্যাপী জরিপ চালাবে।
মুখ্যমন্ত্রী চৌহান বলেন, ‘সুখ কী, তা আমরা সবাই জানি। আমরা এটাকে বিমূর্ত কীভাবে বলি? যা পুরোপুরি বোঝা যায় না বা বিশ্লেষণ করা যায় না কেবল তা-ই বিমূর্ত। সুখ তা-ই, যা আমরা সব সময় চাই। সরকার মানুষের সুখ ও মঙ্গলের জন্যই কাজ করছে।’ হিন্দুস্থান টাইমস