
এ যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি। ২৮ বছর আগে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নতুন পররাষ্ট্রসচিবের আগাম আগমনবার্তা শুনিয়েছিলেন। পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাজীব বলেছিলেন, ‘শিগগিরই আপনারা নতুন পররাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলবেন।’ রাজীবের পাশে বসে থাকা অপমানিত পররাষ্ট্রসচিব এ পি ভেঙ্কটেসরন সেদিনই ইস্তফা দিয়েছিলেন।
রাজীবের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বুধবার গভীর রাতে বরখাস্ত করলেন পররাষ্ট্রসচিব সুজাতা সিংকে। গতকাল বৃহস্পতিবার সকালেই নতুন পররাষ্ট্রসচিব পদে কাজে যোগ দিলেন এস জয়শঙ্কর, যিনি ছিলেন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত। সুজাতার কাজের মেয়াদ শেষ হতো এ বছরের আগস্ট মাসে। সাত মাস আগেই অপসারিত হয়ে তিনি গতকাল ইস্তফা দিয়েছেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তিনি ইস্তফা দিচ্ছেন এবং চাকরি থেকেও অবসর নিচ্ছেন। গতকাল সকালে জয়শঙ্কর যখন দায়িত্ব নেন, সুজাতা তখন ধারে-কাছে ছিলেন না।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকেরা জয়শঙ্করকে একাধিক প্রশ্ন করেন। এ সিদ্ধান্ত তাঁর কাছে আকস্মিক কি না, আগামী দুই বছরের কার্যকালে তাঁর কাছে অগ্রাধিকার কী কী—এ ধরনের বেশ কয়েকটি প্রশ্ন তাঁকে করা হয়। জয়শঙ্কর কোনো বিতর্কে না ঢুকে শুধু বলেন, ‘সরকারের অগ্রাধিকারই আমার অগ্রাধিকার। এটা এক বিরাট দায়িত্ব। আমি সম্মানিত বোধ করছি।’
আমেরিকা ছাড়াও জয়শঙ্কর চীন, সিঙ্গাপুর ও চেক রিপাবলিকে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। জয়শঙ্করের স্থলাভিষিক্ত কে হবেন তা এখনো ঠিক হয়নি। সাউথ ব্লক সূত্রের খবর, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কিছু পদে শিগগিরই রদবদল হবে।
বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিযুক্তি কমিটির বৈঠক ডাকা হয়। প্রধানমন্ত্রী সেই বৈঠকে সভাপতিত্ব করেন। রাত ১০টায় এক ছোট বিবৃতি প্রচার করা হয়। তাতে বলা হয়, পররাষ্ট্রসচিব পদ থেকে সুজাতা সিংকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাঁর জায়গায় দুই বছরের জন্য নিযুক্ত করা হচ্ছে জয়শঙ্করকে। সুজাতা ৭৬ সালের আইএফএস, জয়শঙ্কর এর পরের বছরের। আকস্মিক এই রদবদলের কোনো কারণ সরকারিভাবে দেখানো হয়নি। যদিও সাউথ ব্লকের অলিন্দের খবর, আমেরিকাকে জয়শঙ্কর যেভাবে সামাল দিয়েছেন, তাতে প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র প্রথম আলোকে বলেন, ‘সম্ভবত প্রধানমন্ত্রী বুঝেছেন, তাঁর কাজের গতির সঙ্গে চলতে জয়শঙ্কর বেশি মানানসই।’
জয়শঙ্কর সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়েরও খুব কাছের ও প্রিয় ছিলেন। ভারত-মার্কিন পরমাণু চুক্তি বাস্তবায়নে একেবারে শুরু থেকেই তিনি ছিলেন অন্যতম প্রধান কারিগর। ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের মামলাটিও তিনি খুব দক্ষতার সঙ্গে সামলেছিলেন। ২০১৩ সালে পররাষ্ট্রসচিব নিয়োগের সময় তিনি ছিলেন মনমোহন সিংয়ের পছন্দের। কিন্তু সুজাতার পক্ষে সোনিয়া গান্ধী মত দেন। সোনিয়া চাননি, সিনিয়র সুজাতাকে ডিঙিয়ে এক বছরের জুনিয়র জয়শঙ্কর পররাষ্ট্রসচিব হন। সুজাতার বাবা টি ভি রাজেশ্বর একসময় ভারতের গোয়েন্দাপ্রধান ছিলেন। অবসরগ্রহণের পর তিনি পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশের রাজ্যপালও হয়েছিলেন।
সুজাতার অপসারণ নিয়ে কংগ্রেস-বিজেপি বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেসের নেতা মনীশ তিওয়ারি টুইট করে জানতে চেয়েছেন, সুজাতার অপসারণের সঙ্গে দেবযানী-কাণ্ডের কোনো যোগাযোগ আছে কি না। দেবযানীকে দেশে ফিরিয়ে নেওয়ার পর সুজাতার রিপোর্টের ভিত্তিতেই মার্কিন দূতাবাসের সামনে থেকে অনেক নিরাপত্তা বলয় সরিয়ে নেওয়া হয়েছিল। বিজেপি অবশ্য এ বিতর্ক গায়ে মাখতে চায়নি। তাদের মুখপাত্র নলিন কোহলি বলেছেন, এ নিয়ে বিতর্কের কোনো অবকাশই থাকতে পারে না। পছন্দের অফিসার নিয়োগ যেকোনো সরকারেরই অধিকার।