সুনজরে নেই মোদি-মমতার সখ্য!

পশ্চিমবঙ্গ সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে সেখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে ডেকে নিলেন, তা ভালো চোখে দেখছে না রাজ্য বিজেপি, কংগ্রেস, বাম দলসহ বিরোধীরা। কংগ্রেস ও বাম দল তো জানিয়েই দিয়েছে, সারদাকাণ্ড থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মোদির সান্নিধ্যে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা জানেন, প্রধানমন্ত্রী মোদিকে তুষ্ট করতে পারলেই তাঁদের ওপর সারদার কোপ অনেকটাই প্রতিহত করা যাবে। আর মোদিও জানেন, ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও উচ্চকক্ষ রাজ্যসভায় নেই। তাই রাজ্যসভায় বিভিন্ন বিল পাস করাতে গেলে প্রয়োজন হবে মমতার দলের সমর্থন। সীমান্ত বিল রাজ্যসভায় পাস করানোর সময় মমতার সমর্থন জরুরি হয়ে দাঁড়িয়েছিল।
এদিকে, সারদাকাণ্ডের তদন্ত ধীরগতিতে চলায় বিরোধী দলের তরফ থেকে অভিযোগ উঠেছে মমতার সঙ্গে বিজেপির ফের সখ্য গড়ে ওঠার। আর এর পথ ধরেই মমতা সারদার অস্বস্তি কাটানোর জন্য মোদির শরণাপন্ন হয়েছেন। আর এতে করে যে রাজ্য বিজেপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই দিকটি ভেবেই গতকাল শনিবার রাতে কলকাতার রাজভবনে গিয়ে ১০ সদস্যের বিজেপির প্রতিনিধিদল কথা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।
এরপর বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহা সাংবাদিকদের জানিয়ে দেন, সারদাকাণ্ডে দোষীরা যেন ছাড় না পায় সেই দাবি তাঁরা প্রধানমন্ত্রীর কাছে জানিয়ে এসেছেন। তিনি বলেন, ‘আমরা এ কথাও বলেছি, দোষীরা যেন কড়া শাস্তি পায়, আমানতকারীরা যেন সুবিচার পায়।’