সুনন্দা পুষ্কর কি খুন হয়েছিলেন?

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস সাংসদ শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্কর কি খুন হয়েছিলেন? মৃত্যুর ঠিক এক বছরের মাথায় প্রশ্নটি উঠছে। কারণ, দিল্লি পুলিশ শেষ পর্যন্ত তাঁর মৃত্যুতে খুনের মামলা করেছে। আজ মঙ্গলবার দিল্লির পুলিশ কমিশনার বি এস বাসসি এ খবর জানান। তিনি জানান, তাঁরা অজ্ঞাতদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন। গত বছর ১৭ জানুয়ারি দিল্লির একটি পাঁচ তারা হোটেল থেকে সুনন্দাকে মৃত উদ্ধার করে পুলিশ।
পুলিশ কমিশনার বাসসি বলেন, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এইমস) মেডিকেল প্রতিবেদনে এ মৃত্যুকে অস্বাভাবিক বলেছে। বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে। কী ধরনের বিষ, তা খাওয়ানো হয়েছে নাকি ইনজেকশন দেওয়া হয়েছে, তা তদন্তসাপেক্ষ। কী ধরনের বিষ, তা পরীক্ষার জন্য নমুনা বিদেশে পাঠানো হবে।
সুনন্দার মৃত্যু নিয়ে এক বছর আগে খুবই হইচই হয়েছিল। তাঁর স্বামী শশী থারুর কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতাই শুধু নন, সমাজের উঁচু স্তরে দুজনের আনাগোনা ছিল অবারিত। ভারতীয় ক্রিকেট প্রিমিয়ার লিগের (আইপিএল) কোচির মালিকানায় অনিয়ম নিয়ে শশী ও সুনন্দার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই বিতর্ক ধামাচাপা পড়লেও আচমকাই সুনন্দার মৃত্যু নানান প্রশ্নের জন্ম দেয়। মঙ্গলবার দিল্লির পুলিশ কমিশনারের এই সিদ্ধান্ত পুরোনো বিতর্ককে নতুনভাবে জাগিয়ে তুলল।
বাসসি বলেছেন, এটা নিঃসন্দেহ যে, ৫২ বছরের সুনন্দার মৃত্যু স্বাভাবিক ছিল না। ঘটনার পর থেকেই এ মামলায় বিভিন্ন সাক্ষীকে জেরা করা হয়েছে। খুনের মামলা রুজু হওয়ায় এখন যাদের প্রয়োজন, সবাইকেই জেরা করা হবে। তা হলে কি শশী থারুরও কি নতুন করে জেরার আওতায় চলে আসছেন? পুলিশ কমিশনারের মন্তব্যের মধ্য দিয়ে এই জল্পনা মাথা চাড়া দিয়েছে।
গত বছরের জুলাই মাসে এইমসের ময়নাতদন্ত বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্তা অভিযোগ করেছিলেন, রিপোর্ট পাল্টানোর জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এ নিয়ে দিন কয়েক হইচই হলেও বিষয়টি থিতিয়ে যায়। ২৯ ডিসেম্বর তিনি সেই প্রতিবেদন জমা দেন। তার পরেই খুনের মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়।
শশী ও সুনন্দার বিয়ে হয়েছিল ২০১০ সালে। দুজনেরই এটা ছিল তৃতীয় বিয়ে। মৃত্যুর কিছুদিন আগে থেকেই দুজনের সম্পর্ক খারাপ হয়ে যায়। মেহের তারা নামের এক পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে শশীর সম্পর্ক নিয়ে দুজনের অশান্তি চলছিল। সুনন্দা টুইট বার্তায় এ সম্পর্ক নিয়ে তাঁর আপত্তির কথা বন্ধুদের জানিয়েছিলেন। এর পরই সুনন্দার মৃত্যু হয়। হোটেলের ঘরে তাঁর ব্যাগে বেশ কিছু ওষুধ পাওয়া গিয়েছিল। হতাশা, অনিদ্রা, উদ্বেগ কাটাতে ওই সহজলভ্য ওষুধ ব্যবহার করা হয়।
এতদিন পর দিল্লি পুলিশের এই সিদ্ধান্তকে কংগ্রেস ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করছে। দলের মুখপাত্র রশিদ আলভি এই প্রশ্ন তুলে বলেন, এত দিন পরে কেন খুনের মামলা? শশী থারুর সব সময় তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করেছেন। বিজেপি মুখপাত্র জি ভি এল নরসিংহ রাও ওই অভিযোগ অস্বীকার করে বলেছেন, সত্য উদ্ঘাটনে আইন তার পথে চলবে।