সুন্দরবন নিয়ে তিন দিনের আন্তর্জাতিক বৈঠক শুরু
জলবায়ুর পরিবর্তন থেকে আগামী দিনে দুই দেশের (বাংলাদেশ ও ভারত) সুন্দরবনকে কীভাবে রক্ষা করা যায়, কীভাবে বিপর্যয় রোধ করা যায়, তা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ বুধবার কলকাতায় শুরু হয়েছে তিন দিনের এক আন্তর্জাতিক বৈঠক।
কলকাতার টাউন হলে আয়োজিত এ বৈঠক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান মুখোপাধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের মন্ত্রী জাভেদ খান। বিশেষ অতিথি ছিলেন সুন্দরবন দপ্তরের মন্ত্রী পাখিরা। আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের প্রতিনিধি তাপস পাল, স্বেচ্ছাসেবী সংস্থা এএনজিআইওর প্রধান জয়ন্ত বসু, ভারতের ডব্লিউডব্লিউএফএর জলবায়ুবিষয়ক প্রধান অনুরাগ দন্ডসহ বিশিষ্টজনেরা। বৈঠকের আয়োজন করে পশ্চিমবঙ্গের বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর। সহযোগিতায় রয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা এএনজিআইও ও ডব্লিউডব্লিউএফ।
বৈঠকে বাংলাদেশ থেকে তিনজন প্রতিনিধি যোগ দেন। তাঁদের মধ্যে দুজন বাংলাদেশের পরিকল্পনা কমিশনের প্রতিনিধি ও একজন বিশ্বব্যাংকের প্রতিনিধি। আলোচকেরা সুন্দরবনে জলবায়ুর পরিবর্তনে নেতিবাচক প্রভাব, সুন্দরবনের উন্নয়ন, পরিকাঠামো, শিক্ষা সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দুই দেশের সুন্দরবনকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় বৈঠকে।