সুপ্রিম কোর্টে ঢিলেমি, ভুয়া খবরের ক্ষেত্রে তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপদ বুঝে ‘ভুয়া খবর’ প্রচারে শাস্তির বিধান প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। এ সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন এক সংঘাত এড়ালেও দলিত নির্যাতন আইন সরকারের গলায় কাঁটার মতো বিঁধে রইল। রায় পুনর্বিবেচনায় রাজি হলেও সুপ্রিম কোর্ট জানিয়ে দিলেন, তত দিন পর্যন্ত রায় স্থগিত রাখার কোনো কারণ নেই। 

গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেন, তারা ১০ দিন পর রায় পুনর্বিবেচনা করবেন। এর আগে এ বিষয়ে সব পক্ষকে দুই দিনের মধ্যে তাদের অভিমত জানাতে হবে।
দলিত নির্যাতন বন্ধে দেশে যে আইন রয়েছে, গত ২০ মার্চ সুপ্রিম কোর্টের রায়ে তা সংশোধিত হয়েছে বলে দলিতদের অভিযোগ। আগে আইন অনুযায়ী, দলিতদের ওপর অত্যাচারের অভিযোগ এলেই অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা বাধ্যতামূলক ছিল। এ অভিযোগে আগাম জামিন দেওয়ারও বিধান ছিল না। সুপ্রিম কোর্ট ২০ মার্চ রায়ে বলেন, অভিযোগ পাওয়ামাত্রই কাউকে গ্রেপ্তার করা যাবে না। এর আগে পদস্থ পুলিশ কর্তাকে দিয়ে তদন্ত করাতে হবে। তা ছাড়া কোনো সরকারি কর্মীকে গ্রেপ্তার করতে গেলে সংশ্লিষ্ট কর্মীর নিয়োগ কর্তার অনুমতি নেওয়া প্রয়োজন। সুপ্রিম কোর্টের যুক্তি, আইনের অপব্যবহার রুখতে এই রায়। দেশের সর্বোচ্চ আদালতের এই রায় এবং তা পুনর্বিবেচনায় সরকারের গড়িমসি দলিত সমাজকে ক্ষুব্ধ করে তোলে। গত সোমবার বিভিন্ন সংগঠন ভারত বন্‌ধের ডাক দেয়। সেই ডাকে সাড়া দিয়ে পাঁচ বিজেপি শাসিত রাজ্যে হাজার হাজার দলিত মারমুখী হয়ে ওঠে। সহিংসতায় মৃত্যু হয় মোট নয়জনের। নষ্ট হয় বহু সম্পত্তি। বহু যানবাহনে আগুন লাগানো হয়। গুলি চলে। এককথায় স্তব্ধ হয়ে যায় জনজীবন।
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ, সুপ্রিম কোর্টের ২০ মার্চের রায়কে যে গুরুত্ব দেওয়া উচিত ছিল, যত দ্রুত পর্যালোচনার আবেদন করা দরকার ছিল, কেন্দ্রীয় সরকার তা করেনি। ১৩ দিন পর সেই সক্রিয়তায় কিন্তু কাজ হলো না। গতকাল মঙ্গলবার বিচারপতি আদর্শ কুমার গোয়েল ও বিচারপতি উদয় উমেশ ললিত সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপালকে বলেন, ২০ মার্চের রায়ে প্রচলিত আইনকে দুর্বল করা হয়নি। তাঁরা শুধু নিরপরাধদের স্বার্থ রক্ষা করতে চেয়েছেন।
কেন্দ্রীয় সরকার চেয়েছিল, রায় পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট ২০ মার্চের রায় স্থগিত রাখুন। কিন্তু বিচারপতিরা তাতে রাজি হননি। তাঁরা জানান, ১০ দিন পর পুনর্বিবেচনার শুনানি হবে।
দলিত নির্যাতন বন্ধ আইনের ক্ষেত্রে মোদি সরকার যে তৎপরতা দেখায়নি, সংবাদপত্র ও সাংবাদিকদের নিয়ন্ত্রণে সরকারি নির্দেশ বাতিলের ক্ষেত্রে সেই তৎপরতা দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু নতুন এক সংঘাত এড়ালেন।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি গত সোমবার এক নির্দেশ জারি করেন। তাতে বলা হয়, কোনো সাংবাদিক ‘ভুয়া খবর’ লিখলে ও তা প্রচার হলে সাংবাদিকের সরকারি স্বীকৃতি কেড়ে নেওয়া হবে। প্রথম দফার ‘অপরাধে’ ছয় মাসের জন্য সেই স্বীকৃতি বাতিল হবে। দ্বিতীয় অপরাধের ক্ষেত্রে এক বছর। তৃতীয়বার অপরাধ করলে সারা জীবনের জন্য। সরকারি সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে ভুয়া খবরের অভিযোগ এলে তা প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া (পিসিআই) এবং ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে তা পাঠানো হবে নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের (এনবিএ) কাছে। তারাই দুই সপ্তাহের মধ্যে খতিয়ে দেখবে খবরটি ভুয়া কি না। ওই সময় সংশ্লিষ্ট সাংবাদিকের স্বীকৃতি বা ‘অ্যাক্রিডিটেশন’ বাতিল থাকবে। খবর ভুয়া প্রমাণিত হলে বিধি অনুযায়ী শাস্তি হবে।
স্মৃতি ইরানির এ উদ্যোগে সাংবাদিক মহল প্রতিবাদী হয়ে ওঠে। নানা মহলে আশঙ্কা দেখা যায়। ভোটের আগে নতুন করে ‘প্রেস সেন্সরশিপ’ চালু করার অভিযোগ ওঠে রাজনৈতিক মহল থেকেও। এডিটর্স গিল্ড জানায়, তারা বিষয়টি খতিয়ে দেখবে। প্রেসক্লাবে বৈঠক ডাকা হয়। সংঘাতের আরও একটা ফ্রন্ট খুলে যাচ্ছে দেখে প্রধানমন্ত্রী তৎপর হন। নির্দেশটি অবিলম্বে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে।
এই তৎপরতা সুপ্রিম কোর্টের ২০ মার্চের রায়ের পরপরই দেখালে দলিত সমাজে ক্রোধ ও ক্ষোভের বিস্ফোরণ ঘটত না। ভারত বন্‌ধের ডাক দিত না তফসিল জাতি ও উপজাতিদের বিভিন্ন সংগঠন। প্রাণহানি হতো না এতজনের। নষ্ট হতো না বিপুল সম্পত্তি।