সুব্রহ্মণ্যম স্বামীকে মোদির শাসন
ভারতীয় রাজনৈতিক মহলে বেফাঁস কথাবার্তার জন্য পরিচিত বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীকে শাসন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং তারপর থেকেই এই তামিল ব্রাহ্মণ মুখে কুলুপ এঁটেছেন। সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছেন, আর কোনো কথা নয়।
সুব্রহ্মণ্যম স্বামী বেশ কিছুদিন থেকেই তাঁর অপছন্দের মানুষজন সম্বন্ধে নানান কথা বলছিলেন। শুরু হয় ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজনকে নিয়ে। স্বামীর কথায়, রাজন মানসিকভাবে ভারতীয় নন। তিনি ‘আমেরিকাপন্থী।’ ভারতের মঙ্গল করা তাঁর উদ্দেশ্য নয়। তাঁকে দ্বিতীয়বারের জন্য গভর্নর করা উচিত হবে না। অপমানিত রাজন নিজেই সিদ্ধান্ত নেন মেয়াদ শেষ হলে ফিরে যাবেন যুক্তরাজ্যের শিকাগোতে, পড়াশোনার জগতে। রাজনের পর স্বামীর লক্ষ্য হন কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের দুই শীর্ষ আমলা এবং তারপর খোদ অর্থমন্ত্রী অরুণ জেটলি। চীন সফররত জেটলির উদ্দেশে তাঁর টিপ্পনী ছিল, প্রধানমন্ত্রীর উচিত ভারতীয় নেতাদের ‘ড্রেস কোড’ ঠিক করে দেওয়া। কারণ, স্যুট-টাই পরলে নেতাদের রেস্তোরাঁর ওয়েটারদের মতো লাগে। লাগামহীন স্বামী এ কথাও বলতে ভোলেননি যে প্রধানমন্ত্রী মোদি ও দলীয় সভাপতি অমিত শাহ ছাড়া আর কাউকে তিনি আমল দেন না।
সোমবার রাতে ভারতের এক বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রী মোদির সাক্ষাৎকার নেয়। প্রধানমন্ত্রী হওয়ার পর গত দুবছরে এটাই মোদির প্রথম সাক্ষাৎকার। রাজনকে স্বামীর আক্রমণ নিয়ে সেখানে প্রশ্ন করা হলে মোদি স্পষ্ট বলে দেন, রাজন কারও চেয়ে কম দেশপ্রেমী নন। তিনি যেখানেই থাকুন, দেশের হয়ে কাজ করে যাবেন। স্বামীর নাম না করে মোদি এ কথাও বলেন, এসব প্রচার কাড়ার কায়দামাত্র। তিনি বলেন, নিজেকে প্রতিষ্ঠানের চেয়ে বড় ভাবাটা ঠিক নয়। মোদির এই মন্তব্যের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়ে যায়, দলীয় সদস্য হলেও স্বামীর আচরণ তিনি অনুমোদন করছেন না।
প্রধানমন্ত্রীর পরোক্ষ শাসানির পরদিন গতকাল মঙ্গলবার সুব্রহ্মণ্যম স্বামী সংবাদমাধ্যমের কাছে মুখও খোলেননি।
স্বামীর আক্রমণের লক্ষ্যে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে লেখা এক চিঠিতে তিনি বলেছিলেন, দিল্লিতে প্রশাসন বলে কিছু নেই। পুরো খামখেয়ালিপনায় একটা সরকার চলছে। উপরাজ্যপালের ভূমিকাও সন্দেহজনক।
স্বামীর চিঠি ও তাঁর অভিযোগ রাষ্ট্রপতি উপেক্ষা করতে পারতেন। কিন্তু তা না করে তিনি চিঠিটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কাছে পাঠিয়ে দেন। এতে আম আদমি পার্টি ও বিজেপির দ্বন্দ্বে অন্য এক মাত্রা যোগ হয়েছে।