সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। তাঁর কোনো আত্মীয় নন, বরং কাছের কোনো একজন কিডনিটি দিয়েছেন। আজ শনিবার সাড়ে পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের মধ্য দিয়ে কিডনিটি প্রতিস্থাপন করা হয় বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়।

নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতাল সূত্র জানায়, সকাল নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত অস্ত্রোপচার চলে। এরপর মন্ত্রীকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

কিডনি-দাতা অনাত্মীয় ব্যক্তিটি সুষমার কাছের কেউ হতে পারে, যেমন বন্ধু হতে পারে, প্রতিবেশী হতে পারে। দূরের কেউ হতে পারে। তাঁর পরিবারের কাছের লোকজনের কারও সঙ্গে না মেলার কারণে তাঁদের কাছ থেকে কিডনি নেওয়া হয়নি।

৬৪ বছর বয়সী সুষমা স্বরাজ দীর্ঘদিন ধরে ডায়বেটিসে ভুগছেন। এর মধ্যে তাঁর কিডনি অকার্যকর হয়ে পড়ায় ডায়ালাইসিসও করতে হচ্ছিল।

একজন জ্যেষ্ঠ চিকিৎসক বলেন, সপ্তাহে তাঁর তিনবার ডায়ালাইসিস করাতে হতো।

গত ১৬ নভেম্বর সুষমা এক টুইটার বার্তায় বলেন, কিডনি অকার্যকর হয়ে পড়ায় তিনি এআইআইএমএস হাসপাতালে ভর্তি হয়েছেন। সুষমা লেখেন, ‘বর্তমানে আমার ডায়ালাইসিস চলছে। এখন আমার কিডনি প্রতিস্থাপনের জন্য প্রস্তুতিমূলক পরীক্ষা-নিরীক্ষা চলছে। ভগবান কৃষ্ণ, মঙ্গল করুন।’