সুষমার সফর শেষে আশাবাদী ভারত

ইসলামাবাদ থেকে একরাশ প্রত্যাশা নিয়ে দেশে ফিরলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সেই প্রত্যাশা এবং আগামী দিনের ‘রোডম্যাপ’ সম্পর্কে আজ শুক্রবার সংসদকে সবকিছু তিনি জানাবেন।
রাশিয়ার শহর উফায় ভারত-পাকিস্তানের প্রধানমন্ত্রীরা ঠিক করেছিলেন, দুই দেশই তাদের বন্ধ থাকা আলোচনা ফের শুরু করবে। বছর গড়ালেও সেই আলোচনা শুরু হতে হতেও শেষ পর্যন্ত হতে পারেনি সন্ত্রাসের প্রশ্নে। প্যারিসে জলবায়ু সম্মেলনে আচমকা মন পরিবর্তন দুই দেশকেই নতুনভাবে সবকিছু শুরু করতে উৎসাহী করেছে। কিন্তু আবার কোনো অনভিপ্রেত ঘটনা এ অগ্রগতির পথে যে কাঁটা বিছাবে না, সেই শঙ্কা ভারত দূর করে দিতে পারছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের কথায়, ‘আমরা দুই দেশই এ মুহূর্তে আশা নিয়ে এগোচ্ছি। ভবিষ্যতের কথা পরে।’
বেশ কয়েক বছর পর গত বুধবার এক যৌথ ঘোষণা দিয়ে ‘সার্বিক আলোচনায়’ দুই দেশ রাজি হয়েছে। পাকিস্তান বরাবরই এই ‘সার্বিক’ (প্রধানত কাশ্মীর) আলোচনার ওপর জোর দিলেও গত তিন দশকে উপত্যকার সমস্যা, সার ক্রিক, তুলবুল প্রকল্প নিয়ে এক ইঞ্চি অগ্রগতিও হয়নি। সন্ত্রাসের মোকাবিলা নিয়ে একমত হলেও কাশ্মীর উপত্যকায় রক্তপাত দিন দিন বেড়ে গেছে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ এবং তাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে বৈ কমছে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় সুষমা স্বরাজ এ সার্বিক আলোচনায় মত দিলেও পাকিস্তান তার রাষ্ট্রীয় ক্ষমতার জাহির কতটা করতে পারবে, সেই সন্দেহ নিয়েই ভারত আলোচনায় অংশ নেবে। তবে সেই সঙ্গে থাকবে প্রত্যাশা।
ভারতের প্রত্যাশা প্রধানত তিনটি ক্ষেত্রে। মুম্বাই হামলার পরিকল্পনাকারীদের দ্রুত সাজা, দাউদ ইব্রাহিমসহ দাগি অপরাধীদের প্রত্যর্পণ এবং কাশ্মীরে অনুপ্রবেশ ও সন্ত্রাসে রাষ্ট্রীয় মদদ পুরোপুরি বন্ধ করা। এ প্রত্যাশা পূর্ণ করা পাকিস্তানের নির্বাচিত সরকারের পক্ষে যে কঠিনতম কাজ, ভারতের তা জানা। তবু পররাষ্ট্রনীতির নরমপন্থীরা মনে করেন, পাকিস্তানের তিন ক্ষমতার কেন্দ্রের (নির্বাচিত সরকার, সেনাবাহিনী ও আইএসআই) মধ্যে একমাত্র নির্বাচিত সরকারের সঙ্গেই সম্পর্ক স্থাপন করা যায়। তাদের নিয়ে ও তাদের দিয়েই ভারতের প্রত্যাশা পূরণে কদম কদম এগোতে হবে।