সুষমা-গান্ধী বিতর্ক জমজমাট
প্রশ্ন করেছিলেন সুষমা স্বরাজ, জবাব দিলেন সোনিয়া ও রাহুল গান্ধী। ‘ললিতকাণ্ডের’ এই নতুন পাল্টাপাল্টি জমজমাট।
বিরোধী-শূন্য লোকসভায় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গত বৃহস্পতিবার আবেগতাড়িত হয়ে বলেছিলেন, ‘আমি এমন একজনকে সাহায্য করেছিলাম, যিনি একজন ভারতীয়। যিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের রোগী এবং যাঁর বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ ওঠেনি। এটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে সেই অপরাধ আমি বারবার করতে রাজি।’ সুষমা প্রশ্ন করেছিলেন, সোনিয়া গান্ধী তাঁর জায়গায় থাকলে কী করতেন।
প্রশ্নের জবাব গতকাল শুক্রবার সুষমাকে দিলেন প্রথমে সোনিয়া, তারপর রাহুল গান্ধী। কংগ্রেস সভানেত্রীর সংক্ষিপ্ত উত্তর, ‘সুষমা নাটকবাজিতে খুব দক্ষ। আমি অবশ্যই ওই মহিলাকে (ললিত মোদির স্ত্রী) সাধ্যমতো সাহায্যের চেষ্টা করতাম, কিন্তু আইন না ভেঙে।’
রাহুল বললেন, ‘চোরেরা চুপি চুপি কাজ সারে। সুষমাও চুপি চুপি কাজ করেছেন। না লন্ডন, না দিল্লি, কোথাও অন্য কূটনীতিকেরা কিছু জানতেও পারলেন না। সোনিয়া গান্ধী এই সিদ্ধান্ত কিছুতেই নিতেন না।’ রাহুল আরও বলেন, ললিত মোদিকে জেলের বাইরে রাখতে সুষমার পরিবার কত টাকা পেয়েছে (স্বামী ও কন্যা দুজনেই ললিতের আইনজীবী) তা যেন দেশকে জানানো হয়।
অভিযোগ উঠেছে, আইপিএলের সাবেক প্রধান ললিত মোদিকে যুক্তরাজ্য থেকে পর্তুগাল যেতে ভ্রমণের বিশেষ নথি দিতে ব্রিটিশ সরকারের কাছে তদবির করেছিলেন সুষমা। এর আগে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় ললিতের পাসপোর্ট জব্দ করেছিল ভারত সরকার। ললিত বলেছেন, স্ত্রীর চিকিৎসার জন্য পর্তুগাল যাওয়ার প্রয়োজন হয়েছিল তাঁর।
সোনিয়া ও রাহুলের বিবৃতির মোকাবিলায় বিজেপি এরপর এগিয়ে দেয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে। সোনিয়া ও রাহুলের উদ্দেশে তাঁর তির্যক মন্তব্য, ‘ওঁরা সংসদকে এড়িয়ে যাচ্ছেন কারণ, হাতে কোনো প্রমাণ নেই। তা ছাড়া এক-দেড় মিনিটের মন্তব্য করা খুবই সহজ। কাগজ না দেখে এক-দেড় ঘণ্টার ভাষণ দেওয়ার এলেম ওঁদের নেই।’