সুসন্তান লাভের কর্মশালা!
দম্পতিদের ‘সুসন্তান’ লাভে প্রাচীন ভারতীয় গোপন রহস্য বাতলে দেওয়া হবে—এই আশ্বাস দিয়ে ভারতের কলকাতায় আয়োজন করা হয়েছে অভিনব এক কর্মশালার। হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) চিকিৎসাবিষয়ক শাখা ‘আরোগ্য ভারতী’ এর আয়োজক।
এ ধরনের কর্মশালার আয়োজনে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকেরা। একে অবৈজ্ঞানিক ও পশ্চাদগামী আখ্যা দিয়ে গত শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।
আরোগ্য ভারতী কর্মশালাটির নাম দিয়েছে ‘গর্ভ সংস্কার’। দুই দিনের কর্মশালার প্রচারপত্রে বলা হয়, গুজরাটের জামনগরের গুজরাট আয়ুর্বেদ ইউনিভার্সিটির অতিথি প্রভাষক ও ‘গর্ভ সংস্কার বিশেষজ্ঞ’ ড. কারিশমা নারভিন এতে বক্তব্য দেবেন।
কারিশমা নারভিনের সহকর্মী ও বিশ্ববিদ্যালয়টির ‘পাঁচকর্ম’ বিভাগের প্রধান ড. হিতেশ জানি বলেন, ‘গর্ভ সংস্কারের মাধ্যমে প্রতিভাবান শিশুর জন্মদান সম্ভব। আধুনিককালে গবেষণাগারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয় কাচের পেট্রি ডিশে, কিন্তু গর্ভ সংস্কারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয় জরায়ুর ভেতরে।’
গর্ভ সংস্কারের আওতায় ফরসা, লম্বা ও প্রতিভাবান শিশুর জন্য হবু পিতা-মাতাকে ‘শুদ্ধিকরণের’ পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে তিথি লগ্ন মেনে শারীরিক সম্পর্ক, গর্ভধারণের পর পূর্ণ সংযমসহ নানা পরামর্শ দেওয়া হয়। সংগঠনটির দাবি, বাবা-মায়ের শিক্ষাগত যোগ্যতা বা বুদ্ধিমত্তা কম হলেও তাদের নিয়ম মানলে সন্তান হতে পারে অত্যন্ত প্রতিভাবান। প্রকল্পের জাতীয় আহ্বায়ক কারিশমা মোহনদাস নারানী বলেন, ‘২০২০ সালের মধ্যে এমন হাজারো শিশুর লক্ষ্য রয়েছে আমাদের। এর মূল উদ্দেশ্য উত্তম সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে সমর্থ ভারত গড়া।’
পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট বলেছেন, কর্মশালাটি হতে না দেওয়ার মতো যথেষ্ট তথ্য-প্রমাণ তাঁদের হাতে নেই। তবে হাইকোর্ট কয়েকটি শর্ত দিয়েছেন। এর মধ্যে রয়েছে, কর্মশালায় ‘বিশেষজ্ঞরা’ বক্তব্য দিতে পারলেও অংশ নেওয়া দম্পতিদের চিকিৎসা করতে পারবেন না।
রায়ের প্রতিক্রিয়ায় আইনের আশ্রয় চাওয়া পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপারসন অনন্যা চট্টোপাধ্যায় বলেন, ‘এটি অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বিজ্ঞানের জয়।’