
তিন দিনের ভারত সফরে এসে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল শনিবার বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও সরকারি সূত্রের খবর, ভারতীয় নেতাদের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও আসন্ন জি-২০ ও ব্রিকস সম্মেলন নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে।
প্রধানত চীনের আপত্তিতে ভারত পরমাণু সরবরাহ গোষ্ঠীর (এনএসজি) সদস্যপদ পায়নি। তা ছাড়া সম্প্রতি চীনা সেনারা আরও একবার ভারতীয় সীমান্ত লঙ্ঘন করায় দুদেশের স্বাভাবিক সম্পর্কে কিছুটা উত্তেজনা দেখা দেয়। ওয়াং ইর এই সফরে অবশ্য তার কোনো প্রতিফলন ঘটেনি। বরং দিল্লি আসার আগেই চীনা সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, ভারতের আশাহত হওয়ার কোনো কারণ নেই। যেহেতু এনএসজির দরজা বন্ধ নয়। চীনা সরকারি সংবাদ সংস্থার এই মন্তব্যকে ভারত যথেষ্ট ইতিবাচক দৃষ্টিতে নিয়েছে।
বিভিন্ন বিষয়ে মতানৈক্য সত্ত্বেও চীনও যে এই সফরকে অন্য চোখে দেখছে, তা বোঝা গেছে কলকাতার চীনা কনসাল জেনারেল মা ঝাংউর কথায়। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থ মতানৈক্যকে ছাপিয়ে যাচ্ছে। এই সফর সম্পর্কের গভীরতারই প্রমাণ। আলোচনার মধ্য দিয়ে এগোনোর অনেক সুযোগ ও সম্ভাবনা রয়েছে।
দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও ওয়াং ইর এই সফরের উদ্দেশ্য মূলত দুটি। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে চীনে এই প্রথম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি আগামী অক্টোবরে গোয়ায় অনুষ্ঠিত হবে ব্রিকস সম্মেলন। এই প্রথম ভারত এ সম্মেলনের আয়োজন করছে। তাতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যোগ দেবেন। এই দুই সম্মেলন নিয়ে ভারতীয় নেতাদের সঙ্গে ওয়াং ই কথা বলেন। পাশাপাশি দ্বিপক্ষীয় বিষয়ও আলোচনায় উঠে আসে।