সেই উইঘুর নেতার ভিসা বাতিল করল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের উইঘুর মুসলিম নেতা ডলকুন ইসাকে ভিসা দিয়েও তা বাতিল করল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বক্তব্য, ইসার বিরুদ্ধে ইন্টারপোল রেড কর্নার নোটিশ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ভারতের সিদ্ধান্তে ইসা হতাশ। জার্মানিতে আশ্রয়প্রাপ্ত এই চীনা নাগরিক সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘সম্ভবত চীনের চাপেই ভারত ভিসা প্রত্যাহার করেছে। কেন ভিসা বাতিল হলো সেই কারণও ভারত জানায়নি।’
ডলকুন ইসা চীনের মুসলমান প্রধান শিনকিয়াং প্রদেশের ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের নেতা। দেড় দশক ধরে উইঘুর মুসলমানদের সঙ্গে হান সম্প্রদায়ের চীনাদের সংঘাত চলছে। চীন সরকারের চোখে তিনি সন্ত্রাসবাদী। জার্মানিতে রাজনৈতিক আশ্রয় নেওয়া ইসা ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের ধর্মশালায় গণতন্ত্রের ওপর এক সম্মেলনে যোগ দিতে ভিসার আবেদন জানিয়েছিলেন। ওই সম্মেলনে তিব্বতি ধর্মীয় নেতা দালাই লামারও উপস্থিত থাকার কথা। পাকিস্তানি সন্ত্রাসবাদী জইশ-ই-মোহাম্মদ নেতা মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণার জন্য জাতিসংঘের প্রস্তাবে চীন ভেটো দেওয়ার পরই ইসাকে পর্যটন ভিসা মঞ্জুর করে ভারত। মনে করা হচ্ছিল, মাসুদ আজহার নিয়ে চীনের মনোভাবে ক্ষুব্ধ হয়েই ভারত ওই সিদ্ধান্ত নেয়। কিন্তু ভারতের সিদ্ধান্ত চীনকে রুষ্ট করে। জনপ্রিয় ধারণা, চীনের আপত্তিতেই ভারত ভিসা বাতিল করেছে।