প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের নির্বাচন কমিশন তামিলনাড়ু রাজ্যে গত শনিবার যে ৫৭০ কোটি রুপি জব্দ করেছিল, তা নিজেদের বলে দাবি করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)। তারা বলেছে, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) অনুমোদন নিয়েই এ অর্থ পাঠানো হয়েছিল। বিপুল পরিমাণ অর্থ পরিবহনকারী ট্রাক আটক করেছিল নির্বাচন কমিশন। তখন এমন ধারণা করা হয়েছিল, দেশটিতে আজ সোমবার যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে ব্যয় করার জন্যই এ অর্থ কেউ এনেছে। তবে এসবিআই বলেছে, নির্বাচনের কাজে ব্যবহারের কথা একেবারে ভুল। আসলে টাকাগুলো কোয়েনবাটারো ব্যাংকের মূল শাখা থেকে বিশাখাপট্টনামের শাখায় পাঠানো হচ্ছিল। এক বিবৃতিতে এসবিআই বলেছে, অন্ধ্র প্রদেশে নগদ টাকার ঘাটতি মেটাতে আরবিআই কোয়েনবাটোর থেকে ৫৭০ কোটি রুপি বিশাখাপট্টনামে পাঠাতে বলে।