সেই প্রতিবাদী সুজেট মারা গেছেন
কলকাতার চাঞ্চল্যকর পার্ক স্ট্রিটে গণধর্ষণের শিকার সুজেট জর্ডন আজ শুক্রবার সকালে মারা গেছেন। মেনেনজো-এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। চল্লিশ বছর বয়সী সুজেটের মা আর দুই মেয়ে আছেন।
২০১২ সালের ফেব্রুয়ারিতে পার্ক স্ট্রিটে রাতের বেলা একটি নাইট ক্লাব থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক জোর করে গাড়িতে তুলে সুজেটকে ধর্ষণ করে। পরে রাস্তায় তাঁকে ফেলে রেখে যায় ধর্ষণকারীরা। কিন্তু এই ঘটনার পর এই ধর্ষণকে আমলে নেয়নি রাজ্য পুলিশ। এরপর বিচারের জন্য লড়েছেন সুজেট ।
এই নিয়ে ওই সময় কলকাতায় আন্দোলন হয়। পার্ক স্ট্রিট কাণ্ড নিয়ে চলচ্চিত্রও তৈরি হয় কলকাতায়। পুলিশ এখনো মামলার মূল অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি। মামলাটিও ধীরগতিতে চলছে।
মিডিয়ায় আলোচিত গণধর্ষণের শিকার হওয়ার প্রায় এক বছর পর নিজের পরিচয় প্রকাশ করেন সুজেট জর্ডন। এর পর থেকে ভারতে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম ‘মুখ’ হয়ে ওঠেন তিনি। ভারতে ধর্ষণের শিকার বা যৌননিগ্রহের শিকার হওয়াদের পরিচয় প্রকাশের ওপর আইনি নিষেধাজ্ঞা আছে। কলকাতায় অন্য একটি ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে নিজের পরিচয় দিয়েছিলেন সুজেট জর্ডন।
ওই সময় বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুজেট বলেছিলেন, ‘আমার নাম সুজেট জর্ডন। আমি কালকাতার পার্ক স্ট্রিট গণধর্ষণের শিকার-এই পরিচয়ে বাঁচতে চাই না। আমি তো কোনো অন্যায় করিনি, আমি কেন লুকিয়ে থাকব? যারা ধর্ষণ করেছিল, তাদের মুখ লুকিয়ে থাকার কথা, আমার নয়।’
কিন্তু খবরটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় চাপে পড়ে পুলিশকে ধর্ষণের মামলা শুরু করতে হয়। ওই সময় ধর্ষণকে ‘সাজানো ঘটনা’ বলে অভিহিত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্ত্রিসভার এক সদস্য (এখন দুর্নীতির অভিযোগে জেলে) তির্যক মন্তব্য করে প্রশ্ন তুলেছিলেন, ‘এক মধ্যবয়সী মহিলা এত রাতে পার্ক স্ট্রিটের পানশালায় কী করতে গিয়েছিলেন?’
ধর্ষণের ওই ঘটনার পর দীর্ঘদিন কাউন্সেলিং আর ধ্যানের মতো বিভিন্ন পদ্ধতিতে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেন সুজেট। তাঁকে কাউন্সেলিং করতেন শান্তশ্রী চৌধুরী। স্বাভাবিক জীবনে ফেরার সময়ে শান্তশ্রী চৌধুরী পরিচালিত ধর্ষণ ও যৌন হেনস্তার শিকার হওয়া নারীদের একটি হেল্পলাইনে কাজও করতে শুরু করেছিলেন সুজেট। এ ছাড়াও বিভিন্ন স্কুলের বাচ্চা আর অভিভাবকদের সামনে নিজের লড়াইয়ের কথাও তুলে ধরতে শুরু করেন তিনি।