সেই বাঘটির চিরবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছলির ছবি, এর ফেসবুক পেজ থেকে নেওয়া
মাছলির ছবি, এর ফেসবুক পেজ থেকে নেওয়া

বলা হয়ে থাকে, বিশ্বে যত বাঘের ছবি তোলা হয়েছে তার মধ্যে মাছলির ছবিই বেশি তোলা হয়েছে। মাছলির জন্য ছিল ফেসবুক পেজ। ভারতের সবচেয়ে জনপ্রিয় এই বাঘটি আজ বৃহস্পতিবার ১৯ বছর বয়সে মারা গেছে।
মাছলিকে বলা হতো ‘রানথাম্বোরের রানি’। তার মুখের বাম দিকটি মাছের আকৃতির ছিল। এ কারণে মাছের হিন্দি শব্দ ‘মাছলি’ নামে বাঘটিকে ডাকা হতো। মাছলিকে নিয়ে অনেক তথ্যচিত্রও নির্মাণ করা হয়েছে। একটি তথ্যচিত্রে প্রদর্শিত ১৪ ফুট লম্বা কুমিরের সঙ্গে তার লড়াই বিস্মিত করে দর্শকদের।
রাজস্থানের রানথাম্বোর ন্যাশনাল পার্কে আসা হাজারো পর্যটকদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ ছিল মাছলি। গত ১০ বছর ধরে মাছলির কারণে এই পার্ক বছরে এক কোটি ডলারেরও বেশি আয় করেছে।

ভারতে বিশ্বের অর্ধেকেরও বেশি বাঘের বসবাস রয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী এ সংখ্যা ২ হাজার ২২৬।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বয়সের কারণে মাছলির স্বাভাবিক মৃত্যু হয়েছে। সে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিল। গত পাঁচ দিন সে কিছুই খায়নি। সারা দিন শুয়ে থাকত। গত কয়েক বছর ধরেই মাছলি ধীরে ধীরে নির্জীব হয়ে যাচ্ছিল। এর প্রায় সবগুলো দাঁত পড়ে গিয়েছিল।
জনপ্রিয় এই বাঘটির মৃত্যুর খবর আজ ভারতের সব গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে। ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে রানথাম্বোরের এই রানির প্রতি ভালোবাসা জানিয়েছে।
সূত্র: বিবিসি নিউজ, দ্য টাইমস অব ইন্ডিয়া