সেই সা'ই এখন মডেল

ভারতের ‘ভিভা এন ডিভা’ নামের একটি ফ্যাশন হাউস লক্ষ্মী সা নামের ২৬ বছর বয়সী এক নারীকে তাদের নতুন পণ্যের জন্য মডেল হিসেবে চুক্তিবদ্ধ করেছে। এই ঘটনাটি নিয়ে একটি প্রতিবেদন করেছে বিবিসি। পণ্যের ধরন অনুযায়ী আবালবৃদ্ধবনিতা ফ্যাশন হাউসের পণ্যের মডেল হবেন, এটাই নিয়ম। স্বভাবত আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, একজন নারী একটি ফ্যাশন হাউসের মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এ নিয়ে আলাদা করে প্রতিবেদন করার প্রয়োজন কী?
বিবিসি আলাদা করে প্রতিবেদন করেছে কারণ ওই নারী একজন অ্যাসিডদগ্ধ। মাত্র ১৫ বছর বয়সে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ৩২ বছর বয়সী এক লোক সায়ের মুখে অ্যাসিড ছুড়ে মারে। এই ঘটনার পর দমে যাননি লক্ষ্মী সা। ভারতে অবৈধ অ্যাসিড বিক্রির ব্যাপারে সবচেয়ে বেশি কথা বলেছেন তিনি। যারা অ্যাসিড ছুড়ে মারে তাদের শাস্তির জন্য আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি। সেই সাকেই মডেল করেছে ফ্যাশন হাউসটি। তারা এর নাম দিয়েছে ‘ফেস অব করেজ’ (সাহসী মুখ)।
বিবিসিকে সা বলেন, ‘এই সুযোগটি আমার মতো সব নারীদের জন্য একটি উদাহরণ। আমার মতো যারা অ্যাসিড আক্রান্ত তাদের মনে সাহস জোগাবে এই পদক্ষেপ। এ ছাড়া অপরাধীদের কাছে এটি একটি পরিষ্কার বার্তাও যে, অ্যাসিডে আক্রান্ত হয়ে নারীদের সৌন্দর্য নষ্ট হলেও, নারীরা কখনো সাহস হারায় না।’
ভারতে একটি আলোচিত নাম এই লক্ষ্মী সা। ২০০৫ সালের ঘটনা। দিল্লির ব্যস্ত সড়কে সায়ের মুখে অ্যাসিড ছুড়ে মারেন গুড্ডু, রাখি এবং ইমরান নামের তিনি ব্যক্তি। সায়ের অপরাধ ছিল বিয়ের প্রস্তাবে রাজি না হওয়া। দ্রুত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন। চাইলে তিনিও সমাজের অন্য সব অ্যাসিডদগ্ধদের মতো সমাজ থেকে লুকিয়ে জীবনযাপন করতে পারতেন। কিন্তু তা না করে সেই ঘটনার পর বরং তিনি অ্যাসিড আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অবৈধ অ্যাসিড বিক্রির বিরুদ্ধে ভারতে সবচেয়ে বেশি যে মানুষটি কথা বলেছেন তিনি, সা।
আক্রমণের পর ২০০৬ সালে ভারতের সুপ্রিম কোর্টে একটি পিআইএল (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন) করেন সা। তাঁর আবেদনে তিনি ক্ষতিপূরণ চাওয়া ছাড়াও ভারতের বিধ্যমান আইনের পাশাপাশি শুধু অ্যাসিড সংক্রান্ত অপরাধের জন্য আলাদা একটি আইন পাশ করতে বলেন। অ্যাসিড সারাভাইভালস ট্রাস্ট ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী, ভারতে প্রতিবছর অন্তত ১ হাজার অ্যাসিড হামলার ঘটনা ঘটে। এর বেশিরভাগই থেকে যায় অজানা।
এতসব ঘটনার পরও সব ঠিকঠাক চলছিল। কিন্তু ২০১২ সালে সায়ের পরিবারে নেমে আসে অন্ধকার। বাড়ির একমাত্র উপার্জনকারী সায়ের বাবার মৃত্যু হয়। ছোট ভাইয়ের ফুসফুস হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। তাকেও ভর্তি হতে হয় হাসপাতালে। বাবা আগে যেখানে শেফ হিসেবে কাজ করতেন সেই প্রতিষ্ঠানে সামান্য টাকা নিয়ে চলছিল তাঁদের সংসার। সংসারের হাল ধরতে সা সেলাইয়ের কাজ শেখার চেষ্ট করেন। চেষ্টা করেন রূপ বিশেষজ্ঞ হয়ে উঠার। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে সে কাজও তিনি শিখতে পারেননি।
সা বলেন, ঘটনার আকস্মিকতায় আমরা যতটা না কষ্ট পায়, সমাজের আচরণ আমাদের কষ্ট বাড়িয়ে দেয় আরও। সমাজ আমাদের এমনভাবে দেখে যেন আমরা আসলে কিছুই করতে পারি না, আমাদের বেঁচে থাকাটাই যেন অপচয়।

তবে একটি সাহসী উদ্যোগ নিয়েছে ফ্যাশন হাউস ভিভা এন ডিভা। ভিভা এন ডিভার সহপ্রতিষ্ঠাতা রুপেশ ঝাওয়ার বিবিসিকে বলেন, চিন্তাটা মাথায় আসে অ্যাসিড আক্রান্তদের নিয়ে একটি ক্যালেন্ডার দেখার পর। তিনি বলেন, ‘নিখুঁত চামড়ার মডেল দেখতে দেখতে আমার চোখে মোটামুটি একটা একঘেয়েমি চলে এসেছে। কিছু সময়ের জন্য হলেও আমি সৌন্দর্যটাকে একটু অন্যরকম করে দেখেছি। এবং আমরা চেয়েছি সেই সৌন্দর্যটা ধরে রাখতে। চেষ্টা করেছি, তাদেরও একটি মঞ্চ দিতে, একটি চাকরি দিতে এবং একটি মাধ্যম দিতে যার মাধ্যমে তারাও তাদের সৌন্দর্যটুকুকে তুলে ধরতে পারবে।’
রুপেশ ঝাওয়ার বলেন, ফ্যাশন সম্পর্কে মানুষের যে ধারণা সেটাতে পরিবর্তন আনতেই সা’কে পছন্দ করা হয়েছে। এই বার্তাটিও মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে সৌন্দর্য কেবল শরীরের ওপর নির্ভর করে না।
চানভ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার ডিরেক্টর সা ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামার হাত থেকে ‘ইন্টারন্যাশনলাল উইমেন অব করেজ’ পুরষ্কার গ্রহণ করেন। তিনি এনডিটিভি ইন্ডিয়ান অব দ্যা ইয়ারও নির্বাচিত হন।