সেনা কর্তৃপক্ষের বিরুদ্ধে কাশ্মীর পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথর ছোড়া বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে এক ব্যক্তিকে জিপের সামনে বেঁধে ‘মানবঢাল’ করার ঘটনায় ভারতীয় সেনা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে জম্মু ও কাশ্মীরের পুলিশ। গত সপ্তাহে কাশ্মীর উপত্যকায় উপনির্বাচন চলার সময় ওই ঘটনা ঘটে। চলতি সপ্তাহে এর একটি ভিডিও অনলাইনে ‘ভাইরাল’ হওয়ার পর পুলিশ এ পদক্ষেপ নিয়েছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া হয়। ঘটনার বিষয়ে রাজ্য পুলিশের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ঘটনার বিষয়ে ভারতীয় সেনাবাহিনীও অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নেবেন তিনি।

পুলিশ সূত্র এর আগে জানায়, সেনাবাহিনীর বিরুদ্ধে ওই ব্যক্তিকে অপহরণ ও তাঁর জীবনকে ঝুঁকিতে ফেলার অভিযোগ আনার কথা বিবেচনা করা হচ্ছিল।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, ৯ এপ্রিল শ্রীনগরে লোকসভার একটি আসনে উপনির্বাচন চলার সময় ক্ষুব্ধ জনতা নির্বাচনী কর্মকর্তাদের লক্ষ্য করে পাথর ছুড়ছিল। ওই সময় ঘটনাটি ঘটে। ঘটনার শিকার ব্যক্তি ফারুক আহমদ দার বলে শনাক্ত করা হয়েছে। তিনি বাদগাম জেলার সীতাহরণ গ্রামের বাসিন্দা।