সেনা কর্মকর্তাসহ ২০ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মহারাষ্ট্রে সেনাবাহিনীর গোলাবারুদের বড় এক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই সেনা কর্মকর্তাসহ অন্তত ২০ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। গত সোমবার মধ্যরাতের পর এ আগুন লাগার ঘটনায় আহত হন কমপক্ষে ১৯ জন। গতকাল মঙ্গলবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
নাগপুরের কাছাকাছি পুলগাঁওয়ে অবস্থিত গোলাবারুদের গুদামটি ভারতের সেনাবাহিনীর বৃহত্তম গুদাম। আগুন লাগার পর এর আশপাশের শহর ও গ্রামে বাস করা হাজারো পরিবারকে সরিয়ে নেওয়া হয়।
আগুন লাগার ঘটনাটি দুর্ঘটনা না কি অন্তর্ঘাত, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে সেনা কর্তৃপক্ষ।
এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম গোলাবারুদের ওই গুদামটিতে এ কে ৪৭ রাইফেল, ক্ষেপণাস্ত্রসহ গোলাবারুদ মজুত রাখা হয়।
প্রত্যক্ষদর্শী ও সেনাসূত্র জানায়, রাত দেড়টার দিকে গুদামটিতে আগুন লাগে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, আগুনে গুদামটির ওপরের রাতের আকাশ উজ্জ্বল হয়ে পড়ে। কয়েকটি সূত্র জানায়, আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে কর্মকর্তারা গুদামের কাছে ছুটে যাওয়ার কারণেও হতাহতের কয়েকটি ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন গুদামের কমান্ডিং অফিসার।
নাগপুরের অগ্নিনির্বাপক বিভাগের কর্মকর্তা রমেশ বার্দ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর সেখানে অগ্নিনির্বাপক বাহিনীর ১০টি ইউনিট কাজ করে। মঙ্গলবার সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরির কাজ প্রক্রিয়াধীন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট বার্তা অনুযায়ী প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকারের ক্ষয়ক্ষতি পরিমাপে গতকালই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা ছিল।