সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করছে কংগ্রেস, অভিযোগ বিজেপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টার ‘অপরাধে’ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবার বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি জানানো হলো। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল সোমবার সংবাদমাধ্যমকে বলেন, কংগ্রেসের যেসব নেতা বারবার সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা চালাচ্ছেন, তাদের অপমান করছেন—সোনিয়া গান্ধী নিজেই তার নিন্দা করে ক্ষমা চান। বাণিজ্যমন্ত্রীর প্রশ্ন, দেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য এটা কংগ্রেসের কৌশল কি না?

কংগ্রেসের নেত্রী ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সাবেক সাংসদ সন্দীপ দীক্ষিত সম্প্রতি ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াতের সমালোচনা করেন। কাশ্মীর পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘উনি রাস্তার গুন্ডাদের মতো কথা বলছেন। আমাদের সেনাবাহিনী পাকিস্তানের মতো মাফিয়া বাহিনী নয় যে সেনাপ্রধান রাস্তার গুন্ডাদের মতো কথাবার্তা বলবেন।’
কিছুদিন আগে উপত্যকায় বাহিনীর এক মেজর জিপের সামনে এক কাশ্মীরিকে ঢাল হিসেবে বেঁধে বিপর্যয় এড়িয়েছিলেন। বিপিন রাওয়াত সেই আচরণ সমর্থন করে সমালোচনার মুখে পড়েন। সম্প্রতি তিনি বলেন, বিক্ষোভকারীদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। যারা বাহিনীকে লক্ষ্য করে ইট ছুড়ছে, তারা গুলি ছুড়লে সেনাদের কাজ সহজ হয়ে যেত। এই মনোভাবের সমালোচনা করে সন্দীপ দীক্ষিত পরে তা প্রত্যাহার করে নেন। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তা সত্ত্বেও স্বয়ং কংগ্রেস সভানেত্রীর ক্ষমা চাওয়ার দাবি করে তাঁকে জবাবদিহি করতে বলেছে।
মাত্র কয়েক দিন আগে বিজেপি সভাপতি অমিত শাহ মোহনদাস করমচাঁদ গান্ধীকে ‘চতুর বানিয়া’ বলায় কংগ্রেসের আক্রমণের মুখে পড়েছিলেন। তারই জবাবে সোমবার বিজেপি চেপে ধরল সোনিয়া গান্ধীকে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু টুইট করে বলেছেন, ‘কংগ্রেসের হলোটা কী? কোন সাহসে তারা সেনাপ্রধানকে রাস্তার গুন্ডা বলতে পারে?’