ভারতে অভিষেক চৌবে পরিচালিত চলচ্চিত্র উড়তা পাঞ্জাব-এর ৮৯ জায়গায় কেন কাঁচি চালানো হলো, ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) কাছে তার কারণ জানতে চেয়েছেন মুম্বাইয়ের হাইকোর্ট। আদালত বলেছেন, সিবিএফসির কাজ সনদ দেওয়া, কাঁচি চালানো নয়। এদিকে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অরুণ জেটলি গতকাল শুক্রবার বলেছেন, শিগগিরই সেন্সর বোর্ডের নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনা হবে।
উড়তা পাঞ্জাব ছবিটিতে একজন নেশাগ্রস্ত ব্যক্তির নানা সমস্যার বিষয় চিত্রায়ণ করা হয়েছে। সিবিএফসি ছবিটি পর্যবেক্ষণ করে বলেছে, ছবিটির দৃশ্যায়নে মনে হয়েছে পাঞ্জাবের অধিকাংশ লোক নেশাগ্রস্ত। এর মাধ্যমে পাঞ্জাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। এ কারণে কাঁচি চালানোর পরই উড়তা পাঞ্জাব-এর ছাড়পত্র দেওয়ার পরামর্শ দেয় সিবিএফসি। এর বিরুদ্ধে গত বুধবার ছবিটির প্রযোজক হাইকোর্টে যান। অভিযোগে তিনি বলেন, এ ছবিতে পাঞ্জাবকে ছোট করে দেখানো হয়নি। বরং পরিস্থিতির গুরুত্ব তুলে ধরা হয়েছে।
শুধু ৮৯ জায়গায় কাঁচি দিয়েই সন্তুষ্ট হয়নি সেন্সর বোর্ড। উড়তা পাঞ্জাব-এর নাম নিয়েও সংস্থাটির আপত্তি রয়েছে। পাঞ্জাবকে অপমান করা হবে উল্লেখ করে চলচ্চিত্রটির নাম থেকে ‘পাঞ্জাব’ শব্দটাই ফেলে দিতে সুপারিশ করে সিবিএফসি। এ পরিপ্রেক্ষিতে বিচারক ধর্মাধিকারী প্রশ্ন করেন, ‘তার মানে কি আপনি বলতে চাইছেন, পাঞ্জাব শুধু মাদক দিয়েই পরিচিত?’
১৭ জুন মুক্তি পেতে যাচ্ছে উড়তা পাঞ্জাব। পাঞ্জাবের এক মাদকাসক্ত যুবকের জীবনকে ঘিরে নির্মিত হয়েছে এটি। এদিকে আগামী বছর পাঞ্জাবে নির্বাচন। ক্ষমতাসীন বিজেপি জোটকে কাবু করতে এরই মধ্যে মাদক-ইস্যুকে ব্যবহার করতে শুরু করেছে বিরোধীরা।