সেবায় ব্রত চিকিৎসক দম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের হাতে গড়া ‘আস্থা হাসপাতাল’​-এর সামনে চিকিৎসক দম্পতি অতুল ভার্মা ও জয়শ্রী শেখর। ছবি: বিবিসির সৌজন্যে
নিজের হাতে গড়া ‘আস্থা হাসপাতাল’​-এর সামনে চিকিৎসক দম্পতি অতুল ভার্মা ও জয়শ্রী শেখর। ছবি: বিবিসির সৌজন্যে

দেশে-বিদেশে সরকারি-বেসরকারি সব ধরনের হাসপাতালেই কাজ করেছেন চিকিৎসক দম্পতি অতুল ভার্মা ও জয়শ্রী শেখর। বিশাল অঙ্কের বেতন, সুযোগ-সুবিধা সবই পেতেন তাঁরা। কিন্তু এসবের মধ্যে বারবার মনে পড়ে যেত চিকিৎসার অভাবে নিজ শহরের মানুষগুলোর দুর্দশার কথা। তাই এক সময় সবকিছু পেছনে ফেলে ফিরে আসেন নিজ শহর ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য বিহারের শহর হাজিপুরে। সেখানে রোগীদের কম খরচে চিকিৎসা দিতে ব্যাংক থেকে ঋণ নিয়ে তৈরি করেছেন একটি হাসপাতাল। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এই চিকিৎসক দম্পতির কথা।

ব্যস্ততম ও হট্টগোলপূর্ণ এ শহরের মধ্যে লাল-সাদা ভবনটি প্রথম দেখায় রেস্ট হাউস মনে হতে পারে। কিন্তু একটু লক্ষ করলেই চোখে পড়বে ভবনটি আসলে একটি হাসপাতাল। অতুল ও জয়শ্রীর ‘আস্থা হাসপাতাল’। প্রতিদিন বিপুলসংখ্যক লোক সেখানে চিকিৎসা নিতে আসেন। যথেষ্ট বিত্তবান না হলে দ্রুত চিকিৎসা পাওয়া যায় না, সার্জন অতুল আর চক্ষুবিশেষজ্ঞ জয়শ্রী সেই ধারণা অনেকখানি বদলে দিয়েছেন।

রোগী দেখায় ব্যস্ত অতুল। ছবি: বিবিসির সৌজন্যে
রোগী দেখায় ব্যস্ত অতুল। ছবি: বিবিসির সৌজন্যে

ভারতের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ১ শতাংশ স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় হয়। আর বেসরকারি ক্ষেত্রে চিকিৎসা ব্যয় এত বেশি যে, লাখ লাখ লোককে চিকিৎসা করাতে গিয়ে দেউলিয়া হতে হয়। রাষ্ট্র বিনা মূল্যে চিকিৎসা দিলেও খুব কমসংখ্যক লোকই সে সুবিধা পায়। গ্রামাঞ্চলে বহির্বিভাগে মাত্র ২২ শতাংশ ও শহরাঞ্চলে মাত্র ১৯ শতাংশ রোগী সেবা পেয়ে থাকেন।

এ ক্ষেত্রে বিহারের অবস্থা আরও খারাপ। এ রাজ্যে ৮০০-এর বেশি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র আছে। প্রায় দুই হাজারের মতো বেসরকারি নার্সিং হোম ও ক্লিনিক আছে। তবে এগুলোর জন্য কেন্দ্রীয় যে আইন, তা কেউ মানে না বললেই চলে। বিহারে ১৮ হাজার রোগীর বিপরীতে একজন করে ডাক্তার রয়েছেন; যা সংখ্যায় নিতান্তই অপ্রতুল। আর রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যবিমা খুব কমই পায় দরিদ্র লোকজন। কেউ পেলেও দিতে হয় মোটা অঙ্কের ঘুষ। আর আঁতকে ওঠার মতো ব্যাপার হলো, পাইকারি ওষুধের বাজারের দুই-তৃতীয়াংশই ভেজাল।

দেশে ও দেশের বাইরে বিভিন্ন স্থানে কাজ করার পর সাত বছর আগে চিকিৎসক দম্পতি অতুল ও জয়শ্রী তাঁদের নিজেদের শহরে ফিরে আসেন। ফিরে আসার আগে সরকারি হাসপাতালে কাজ করতেন অতুল। তিনি বলেন, ‘দিল্লিতে ভারতের সবচেয়ে বড় হাসপাতালগুলোর একটিতে আমি কিছুদিন কাজ করেছি। সেখানে বিহারের অসংখ্য রোগীকে দিনভর অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তাদের আত্মীয়-স্বজনেরা আসতেন করজোড়ে।’ অতুল বলেন, ‘সেখানে আমাদের সামান্যই কিছু করার ছিল, যেহেতু রোগীদের জন্য শয্যার ব্যবস্থা ছিল খুবই নগণ্য। এ অবস্থা আমাকে নিজ শহরে ফিরে এসে কিছু করতে ভাবায়।’

চক্ষুবিশেষজ্ঞ জয়শ্রী চোখ পরীক্ষা করে দেখছেন এক বৃদ্ধার। ছবি: বিবিসির সৌজন্যে
চক্ষুবিশেষজ্ঞ জয়শ্রী চোখ পরীক্ষা করে দেখছেন এক বৃদ্ধার। ছবি: বিবিসির সৌজন্যে

যেমন ভাবনা, তেমনি কাজ। হাজিপুর ফিরে তাঁরা ব্যাংক থেকে ঋণ নেন। ঋণের অর্থে একটি পুরোনো বিদ্যালয়ের ভবন কেনা হয়। সেখানেই ১২ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল শুরু করেন তাঁরা। চিকিৎসকদের জন্য বড় একটি কনসালটেশন রুম, একটি পরিচ্ছন্ন ও কার্যকর অপারেশন থিয়েটার, একটি ফার্মেসি, হাসপাতাল ভবনটিকে ঠান্ডা রাখার ব্যবস্থা দিয়ে শুরু হয় হাসপাতাল।

হাসপাতালের নিচতলায় প্রতিদিন রোগী দেখা হয়। অতুল ভার্মা স্বল্প পরিসরে সম্ভব অপারেশনগুলো প্রায় প্রতিদিনই করেন। রোগীদের অনেকেই আসেন দূর-দূরান্তের গ্রাম থেকে। তাঁদের চিকিৎ​সক দেখাতে খরচ হয় ২৫০ রুপির মতো। আর অস্ত্রোপচারের জন্য ব্যয় হয় ১০ হাজার থেকে ১৫ হাজার রুপি পর্যন্ত। হাজিপুরে পাঁচ শরও বেশি নার্সিং হোমে চিকিৎসা ব্যয়ের তুলনায় তা খুবই কম।

হাজিপুরে পানি ও বিদ্যুতের নির্ভরযোগ্য সরবরাহ নেই। লোডশেডিংও নিত্যদিনের ঘটনা। তাই ডিজেলচালিত একটি জেনারেটর দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

অতুল ও জয়শ্রী পার্শ্ববর্তী পাটনা শহরে থাকেন। ১৮ কিলোমিটার দূরের ওই শহরে যেতে সময় লাগে দেড় ঘণ্টার মতো। অতুল বলেন, ‘কখনো কখনো হাসপাতালে পৌঁছাতে এত ক্লান্ত হয়ে পড়ি যে, রোগীদের চিকিৎসা দেওয়ার মতো অবস্থা থাকে না।’

এত প্রতিকূলতার পরও এ উদ্যোগ থেকে ফিরে আসার কোনো ভাবনা নেই এ চিকিৎসক দম্পতির। তাঁরা বরং হাসপাতালটিকে আরও বড় করার কথা ভাবছেন। এর মধ্যেই সরকারের কাছে কমমূল্যে পরিত্যক্ত একটি বড় জমির জন্য আবেদন করেছেন তাঁরা। তিন বছর হলো, এখনো অপেক্ষায় আছেন জমিটির জন্য। তার পরও হাল ছাড়তে রাজি নন এই চিকিৎসক দম্পতি।