সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল কিশোরের
‘সেলফি’ তোলার ঢল নেমেছে গোটা দুনিয়ায়। আর এই ঢলে শামিল হতে গিয়ে এবার প্রাণ দিতে হলো ১৬ বছর বয়সী এক কিশোরকে।
ভারতের চেন্নাইয়ে চলন্ত ট্রেনের সামনে রেললাইনের ওপর সেলফি তুলতে গিয়ে গতকাল রোববার সন্ধ্যায় ওই কিশোরকে প্রাণ দিতে হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ওই কিশোর বাসায় ফিরছিল। এ সময় রেললাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তোলার ইচ্ছে হয় তার। সেলফি তোলার সময় দ্রুতগতির একটি ট্রেন ওই কিশোরের ওপর দিয়ে ছুটে গেলে তার মৃত্যু হয়।
চেন্নাই রেলওয়ের পুলিশ কর্মকর্তা এস. রামুথাই বলেন, ‘এটা একটা অস্বাভাবিক দুর্ঘটনা। বর্তমানে বেশির ভাগ তরুণ-কিশোরেরা সেলফি তোলার নেশায় আক্রান্ত।’
কয়েক সপ্তাহ আগে মুম্বাইয়ের সমুদ্র সৈকতে সেলফি তুলতে গিয়ে ডুবে যায় এক কিশোরী। তাকে বাঁচাতে গিয়ে ভেসে যান এক যুবকও। এ ঘটনার পর ১৬টি স্থান চিহ্নিত করে ‘নো-সেলফি জোন’ হিসেবে ঘোষণা করে মুম্বাই পুলিশ।
এর আগে গত বছরের মে মাসে রাশিয়ার এক নারী মাথায় পিস্তল ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে অসাবধানতাবশত নিজেই নিজের মাথায় গুলি করে দেন।