সোনিয়া ও রাহুল কারাগারে যাবেন আজ?
সিদ্ধান্ত ঠিকঠাক পালিত হলে আজ শনিবার বিরাট শোরগোল তুলে সোনিয়া ও রাহুল গান্ধী পাতিয়ালা হাউস আদালতে হাজিরা দেবেন না। কারণ, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মনে করছেন, আদালত চত্বরে বিশাল সমাবেশ বা মিছিল হলে বিচারকেরা তা ভালোভাবে নেন না। তাঁরা মনে করতে পারেন, আদালতকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে।
তবে আদালতে সোনিয়া, রাহুলরা জামিনের আবেদন জানাবেন, নাকি জামিন না নিয়ে জেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে লড়াইটাকে রাজনীতির আঙিনায় টেনে নিয়ে যাবেন, সে বিষয়ে কংগ্রেস চুপ।
আজ শনিবার বিকেলে সোনিয়া-রাহুলদের সঙ্গী হতে পারেন সংসদের উভয় কক্ষের দশ-বারোজন শীর্ষস্থানীয় নেতা। আদালতকক্ষে কোনো স্লোগান নয়, আদালতের বাইরেও প্ররোচনামূলক কোনো সমাবেশ বা ভাষণ নয়। এমন কিছু করা হবে না, যা আদালত অবমাননার পর্যায়ে পড়ে। শুনানি শেষে বিচারকের নির্দেশ জানার পর কংগ্রেস পরবর্তী রাজনৈতিক কৌশল ঠিক করবে।
কংগ্রেসের অন্যতম মুখপাত্র এবং এই মামলার প্রধান আইনজীবী অভিষেক মনু সিংভি গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আইনি লড়াই আমরা আইনি পথেই লড়ব। রাজনৈতিক মোকাবিলা কেমনভাবে করা হবে তা দল আলোচনা করে ঠিক করবে।’
সুব্রহ্মণ্যম স্বামী ২০১২ সালের ১ নভেম্বর দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে যখন এই মামলা দায়ের করেন, তখন তিনি জনতা পার্টির সভাপতি। পরে তিনি বিজেপিতে যোগ দেন। তাঁর দায়ের করা এই মামলায় সোনিয়া-রাহুলদের জামিনের আরজি দিল্লি হাইকোর্ট খারিজ করার পর কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতার’ অভিযোগ তোলা হয়েছিল। এখন বলা হচ্ছে, বিচারব্যবস্থার প্রতি কংগ্রেসের পূর্ণ আস্থা থাকার কথা। শীর্ষ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেছেন, গান্ধী পরিবারের পাশে দলের পূর্ণ সমর্থন যেমন রয়েছে, তেমনই পূর্ণ আস্থা রয়েছে দেশের বিচারব্যবস্থার প্রতি।
দেশ ও দলের জন্য একটা খবরের কাগজ প্রকাশের কথা প্রথম ভেবেছিলেন জওহরলাল নেহরু ১৯৩৭ সালের সাধারণ নির্বাচন জেতার পর। পরের বছরেই ইংরেজি ভাষায় ন্যাশনাল হেরাল্ড ও উর্দু ভাষায় কৌমি আজাদ প্রকাশিত হয়। অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) নামে এক কোম্পানি খোলা হয়, যার শেয়ারহোল্ডার ছিলেন ৭৬১ জন কংগ্রেস নেতা। নেহরু হন ন্যাশনাল হেরাল্ড-এর প্রথম সম্পাদক। এত দ্রুত কাগজটি জনপ্রিয় হয়ে যায় যে ১৯৪২ সালের ‘ভারত ছাড়ো’ আন্দোলনের সময় ব্রিটিশ সরকার তা নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৪৫ সাল পর্যন্ত সেই নিষেধাজ্ঞা জারি ছিল। উত্তর প্রদেশের লক্ষ্ণৌ থেকে যাত্রা শুরু করে ন্যাশনাল হেরাল্ড দিল্লিসহ বিভিন্ন স্থানে অফিস স্থাপন করে। এজেএলের সেই সব সম্পত্তির বর্তমান বাজারমূল্য, স্বামীর মতে, পাঁচ হাজার কোটি রুপি।
ন্যাশনাল হেরাল্ড-এর পুনরুজ্জীবনে কংগ্রেস ৯০ কোটি রুপি ঋণ দিয়েছিল বিনা সুদে। কিন্তু তাতেও কাগজকে বাঁচানো যায়নি। ২০০৮ সালে সোনিয়া গান্ধী কাগজটিকে একেবারেই বন্ধ করে দেন। ইতিমধ্যে কংগ্রেস ইয়ং ইন্ডিয়ান (ওয়াইআই) নামে অন্য একটি কোম্পানি খোলে, যার শেয়ারহোল্ডাররা এজেএলে যাঁরা ছিলেন তাঁরাই।
জরুরি অবস্থায় বাড়াবাড়ি রকমের মানবাধিকার খর্ব করার অভিযোগ খতিয়ে দেখতে জনতা পার্টি ১৯৭৭ সালে ক্ষমতায় এসে শাহ কমিশন গঠন করেছিল। ইন্দিরা গান্ধী ও তাঁর পুত্র সঞ্জয়কে সেই কমিশনে হাজিরা দিতে হয়েছিল। ৩৭ বছর পর ইন্দিরার পুত্রবধূ সোনিয়াকেও সপুত্র আদালতে হাজিরা দিতে হচ্ছে। ইতিহাসের এ এক অদ্ভুত পুনরাবৃত্তি।