
ন্যাশনাল হেরাল্ড পত্রিকা নিয়ে মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে আয়কর বিভাগকে তদন্ত করার নির্দেশ দিলেন দিল্লি হাইকোর্ট। ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, হাইকোর্টের এই সিদ্ধান্ত গান্ধী পরিবারের কাছে এক বিরাট ধাক্কা।
মামলাটি করেছিলেন বিজেপির নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর অভিযোগ, শতাব্দীপ্রাচীন সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ড-এর সম্পত্তি সোনিয়া ও রাহুল গান্ধী নামমাত্র মূল্যে হস্তান্তর করেছেন। তাঁদের খোলা ইয়ং ইন্ডিয়া নামের এক কোম্পানি মাত্র ৫০ লাখ রুপিতে পত্রিকাটির যাবতীয় সম্পত্তি হাতিয়ে নেয়। দিল্লি হাইকোর্ট গতকাল শুক্রবার নির্দেশে আরও বলেছেন, ন্যাশনাল হেরাল্ড লেনদেনসংক্রান্ত যাবতীয় তথ্য ও নথি আয়কর বিভাগের হাতে তুলে দিতে হবে।
দিল্লিসহ দেশের বিভিন্ন স্থানে ন্যাশনাল হেরাল্ড পত্রিকার পরিচালনা সংস্থা এজেএলের সম্পত্তির মূল্য ২ হাজার কোটি রুপি বলে সুব্রহ্মণ্যম স্বামীর দাবি। পত্রিকাটি ২০০৮ সালে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তার আগে সেটি চালাতে কংগ্রেস ৯০ কোটি ২৫ লাখ রুপি এজেএল-কে ঋণ দিয়েছিল। বিজেপি নেতার অভিযোগ, ইয়ং ইন্ডিয়া লিমিটেড দায়দেনার পাশাপাশি নামমাত্র মূল্যে এজেএলের বিপুল সম্পত্তিরও মালিক হয়ে গেছে। ইয়ং ইন্ডিয়া লিমিটেডে সোনিয়া ও রাহুলের শেয়ার রয়েছে ৭৬ শতাংশ।
কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি গতকাল বলেছেন, ইয়ং ইন্ডিয়া লিমিটেডের বিরুদ্ধে তদন্ত চালানোর মতো যথেষ্ট তথ্য আয়কর বিভাগের হাতে নেই। তাঁরা তাই নতুন করে আয়কর তদন্তের নির্দেশের বিরোধিতা করবেন।