সোনিয়া-রাহুলদের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল হেরাল্ড মামলায় ভারতের দিল্লি হাইকোর্ট স্বস্তি দিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীসহ কংগ্রেসের অন্য নেতাদের। উচ্চ আদালত গতকাল মঙ্গলবার জানিয়ে দিলেন, বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী সরকার নন। অতএব সরকারি নথি অথবা কংগ্রেস দলের কর-সংক্রান্ত কাগজপত্র পাওয়ার কোনো অধিকার তাঁর নেই।

সোনিয়া, রাহুল গান্ধীসহ কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের সম্পত্তি হাতানোর অভিযোগ এনে স্বামী মামলা ঠুকেছিলেন। তাঁর অভিযোগ ছিল, জওহরলাল নেহরু যে সংবাদপত্রের প্রতিষ্ঠা করেছিলেন, সেই সংবাদপত্রের স্থাবর-অস্থাবর যাবতীয় সম্পত্তি সোনিয়া-রাহুলসহ কয়েকজন কংগ্রেস নেতা নামমাত্র টাকায় হাতিয়ে নিয়েছেন। সে জন্য কংগ্রেসের দুই শীর্ষ নেতা ইয়ং ইন্ডিয়ান নামে অন্য একটি কোম্পানি খুলে ন্যাশনাল হেরাল্ড-এর যাবতীয় দায়ভার হাতবদল করেছেন। নিম্ন আদালতের সমন মেনে হাজিরা দেওয়ার পর কংগ্রেস সুপ্রিম কোর্টে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিল। সর্বোচ্চ আদালত সেই আরজি মেনে নেন। তবে মামলাটি খারিজ হয়নি।

গত ফেব্রুয়ারি মাসে নিম্ন আদালতে সুব্রহ্মণ্যম স্বামী কেন্দ্রীয় অর্থ, কোম্পানি-বিষয়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয় থেকে কিছু সরকারি নথি পাওয়ার আবেদন জানান। একই সঙ্গে তাঁর আরজি ছিল, ২০১০-১১ সালে কংগ্রেসের দাখিল করা করের রিটার্নও যেন তাঁকে দেওয়া হয়। নিম্ন আদালত সেই আরজি মেনে সরকারকে তথ্যগুলো দেওয়ার নির্দেশ দেন। তারই প্রতিবাদে কংগ্রেস হাইকোর্টে আবেদন জানায়। গতকাল সেই আবেদনের শুনানি হয়। মোতিলাল ভোরা, সুমন দুবে, অস্কার ফার্নান্দেজ, স্যাম পিত্রোদাদের আইনজীবীরা বলেন, নিম্ন আদালত নির্দেশ দেওয়ার আগে যথেষ্ট ভাবনাচিন্তা করেননি। আদালত তথ্য চাইতে পারেন।