সোনিয়া-রাহুলের সাময়িক স্বস্তি, সংসদ উত্তাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল গান্ধী নিম্ন আদালতে হাজিরা দেওয়ার হাত থেকে আপাতত অব্যাহতি পেয়ে সাময়িক স্বস্তি পেলেন। দিল্লির নগর দায়রা আদালত গতকাল মঙ্গলবার নির্দেশ দেন, ১৯ ডিসেম্বর বেলা তিনটায় এই মামলার অভিযুক্ত ব্যক্তিদের আদালতে হাজিরা দিতে হবে। গতকালই তাঁদের হাজিরা দেওয়ার কথা ছিল।
আইনি লড়াইয়ের পাশাপাশি কংগ্রেস এই লড়াইকে রাজনৈতিক আঙিনায় টেনে এনেছে। সোনিয়া ও রাহুল দুজনেই বলেছেন, বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নেমেছে। সোনিয়া সংসদ ভবন চত্বরে বলেছেন, ‘আমি ইন্দিরা গান্ধীর পুত্রবধূ। আমি কাউকেই ভয় পাই না।’ দক্ষিণে বন্যাবিধ্বস্ত তামিলনাড়ুর লাগোয়া কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরি ঘোরার পর রাহুল বলেছেন, ‘এটা সম্পূর্ণভাবেই একটা রাজনৈতিক বিষয়। সংসদে আমি এর জবাব দেব।’ তিনি বলেন, ‘বিজেপি যদি ভেবে থাকে এইভাবে সংসদে অপ্রিয় প্রশ্ন তোলা থেকে আমাকে বিরত করা যাবে, তবে তারা ভুল ভাবছে।’
কংগ্রেসের এই অভিযোগের জবাবে অর্থমন্ত্রী অরুণ জেটলি গতকাল বলেন, এটা আদৌ রাজনৈতিক প্রতিহিংসার বিষয় নয়। একজন ব্যক্তিগত স্তরে একটি মামলা করেছেন। তার জবাব আইনিভাবেই দিতে হবে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সংসদীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুও বলেছেন, এই মামলার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। কংগ্রেস কোন যুক্তিতে ও কোন দাবি নিয়ে সংসদ অচল করছে, তা বোধগম্য নয়।
হেরাল্ড মামলার জেরে গতকাল সংসদের উভয় কক্ষ দফায় দফায় মুলতবি হয়ে যায়। তার ইঙ্গিত সকালেই পাওয়া যায়। সোনিয়া গান্ধী সংসদীয় দলের জরুরি বৈঠক ডাকেন। নির্দেশ দেন, তাঁদের পরিবারের বিরুদ্ধে বিজেপি যে রাজনৈতিক লড়াই শুরু করেছে, তার জবাব সংসদেই দিতে হবে। নির্দেশ অনুযায়ী লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই কংগ্রেসের সদস্যরা স্পিকারের সামনে এসে এই ‘রাজনৈতিক অভিসন্ধির’ বিরুদ্ধে প্রতিবাদ জানান। ফলে দফায় দফায় সভা মুলতবি হয়। একসময় অর্থমন্ত্রী অরুণ জেটলি রাজ্যসভায় বলেন, সরকার সব রকমের আলোচনায় প্রস্তুত। এখনই সেই আলোচনা শুরু হোক। কিন্তু তাঁর কথায় কংগ্রেস গুরুত্ব দেয়নি। তাদের কৌশলই ছিল সভা চলতে না দেওয়া। কংগ্রেসের পক্ষ থেকে বিকেলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিলও বের করা হয়। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবালের অভিযোগ, কংগ্রেসকে বিব্রত ও ব্যতিব্যস্ত করার বিশেষ দায়িত্ব সুব্রামানিয়াম স্বামীকে বিজেপি দিয়েছে। স্বামী সেই দায়িত্ব পালন করছেন।
নিম্ন আদালত সোনিয়া-রাহুলদের ১৯ তারিখে হাজিরার নির্দেশ দিলেও কংগ্রেস নিশ্চিতভাবেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। সোনিয়া-রাহুলের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি গতকাল নিম্ন আদালতে বলেন, অন্য যেকোনো দিনে হাজিরার অনুমতি দেওয়া হোক। বিচারপতির নির্দেশের পর সিংভি বলেন, তাঁরা সব ধরনের আইনি বিকল্প খুলে রাখছেন।
জওহরলাল নেহরুর শুরু করা ন্যাশনাল হেরাল্ড পত্রিকাকে বাঁচাতে কংগ্রেস ৯০ কোটি রুপি ঋণ দিয়েছিল। সেই ঋণের দায় নিয়ে ইয়ং ইন্ডিয়া লিমিটেড নামে অন্য একটি কোম্পানি ন্যাশনাল হেরাল্ড কোম্পানিটি অধিগ্রহণ করে নেয়। এই কোম্পানির ৭৬ শতাংশ শেয়ার সোনিয়া ও রাহুলের। বিজেপির নেতা সুব্রামানিয়াম স্বামী এর বিরুদ্ধেই মামলা করেন। তাঁর অভিযোগ, হেরাল্ড হাউসের সব সম্পত্তি এইভাবে গান্ধী পরিবার কুক্ষিগত করেছে।