সোমবার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাব উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে আগামী সোমবার রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব পেশ করতে যাচ্ছে রাজ্য সরকার। নাম পরিবর্তনের এই প্রস্তাব পাশের জন্য গতকাল শুক্রবার থেকে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। এদিকে নাম পরিবর্তনের ক্ষেত্রে ‘বাংলা’ নামের পক্ষে মত দিয়েছে তৃণমূল। এর বিরোধিতা করছে কংগ্রেস ও বিজেপি।

জানা গেছে, আগামী সোমবার নাম পরিবর্তনের প্রস্তাব ওঠার পর তা নিয়ে রাজ্য বিধানসভায় দুই ঘণ্টার বিতর্ক চলবে। চূড়ান্ত সিদ্ধান্ত পাস হলে কেন্দ্রীয় সরকারের কাছে চলে যাবে এ প্রস্তাব।
পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে রাজ্য মন্ত্রিসভায় ২ আগস্ট দুটি নামের প্রস্তাব অনুমোদিত হয়। বাংলা ও বঙ্গ। তবে অধিকাংশের মত ছিল ‘বাংলা’ নামের পক্ষে।
গতকাল শুক্রবার কলকাতার ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের কাছে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দুটি প্রস্তাব তুলে ধরেন। অনেকটা গণভোটের মতো। মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারাই বলুন রাজ্যের নাম কী হবে—বঙ্গ না বাংলা? মুখ্যমন্ত্রী এরপরেই বলেন, যাঁরা ‘বঙ্গ’ চান, হাত তুলুন। এতে তেমন সাড়া পাননি মুখ্যমন্ত্রী। এরপরেই তিনি বলেন, ‘বাংলা’ নামের পক্ষে যাঁরা আছেন, হাত তুলুন। মুখ্যমন্ত্রীর কথা শেষ হতেই হাজারো হাত ওঠে বাংলা নামের পক্ষে। এরপরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা করার প্রস্তাব উঠছে আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে।
তবে ‘বাংলা’ নামের বিরোধিতা করছে কংগ্রেস ও বিজেপি। তাদের মতে, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। রাজ্যের নাম পরিবর্তিত হলে আন্তর্জাতিক সমস্যা তৈরি হতে পারে। ওপার বাংলার সঙ্গে বিভ্রান্তি তৈরি হতে পারে।
বিধানসভায় বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান বলেছেন, যদি নাম পরিবর্তন করতেই হয়, তবে জনমত যাচাই করা হোক।
আর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সরকার যদি ভাবে রাজ্যের মানুষ নাম পরিবর্তন চাইছে, তাহলে গণভোট করুক।
অন্যদিকে, বামফ্রন্ট এ নিয়ে আলোচনা করার ওপর জোর দিয়েছে।
এ প্রসঙ্গে গতকাল সমাবেশে মমতা বলেন, ‘বাংলার মাটি, বাংলার জল ঠিকই আছে। পাশে বাংলাদেশ তো একটা দেশ। আর রাজ্যের নাম বাংলা হলে অসুবিধা কোথায়? পাকিস্তানে পাঞ্জাব আছে, আমাদের দেশেও পাঞ্জাব আছে।’