সোহরাবুদ্দিন হত্যা মামলায় সবাই খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোট সাক্ষী ছিলেন ২১০ জন। কিন্তু বহু আলোচিত সোহরাবুদ্দিন শেখ হত্যাকাণ্ড মামলায় বেকসুর খালাস পেয়ে গেলেন ২২ জন অভিযুক্তের প্রত্যেকে। মুম্বাইয়ের সিবিআই আদালত আজ শুক্রবার এই রায় দেন।

রায় দিতে গিয়ে বিচারপতি এস জে শর্মা বলেন, কোনো সাক্ষ্য-প্রমাণই সন্তোষজনক নয়। অনেক সাক্ষী বেঁকেও বসেছেন। আদালতের কিছুই করার নেই। বিচারপতি বলেন, ‘আমি দুঃখিত ও অসহায়’।

তেরো বছর আগে ২০০৫ সালের নভেম্বর মাসে সোহরাবুদ্দিন শেখ ও তাঁর স্ত্রী কওসর বাঈকে গুজরাট পুলিশ আটক করে। পুলিশের দাবি, সোহরাবুদ্দিনের সঙ্গে যোগসাজশ ছিল জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার। গুজরাটের তৎ​কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির হত্যার ষড়যন্ত্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আটক করার চার দিনের মাথায় আহমেদাবাদে মারা যান সোহরাব। অভিযোগ, পুলিশ তাঁকে ঠান্ডা মাথায় খুন করে। এর তিন দিন পরই খুন হন কওসর বাঈ। পরের বছর গুজরাট-রাজস্থান সীমান্তে পুলিশের গুলিতে মৃত্যু হয় সোহরাবুদ্দিনের সহযোগী তুলসীরাম প্রজাপতি। অভিযোগ, ঠান্ডা মাথার খুনকে পুলিশ সংঘর্ষের ঘটনা বলে চালাতে চেয়েছে।

এই মামলায় মোট অভিযুক্ত হয়েছিলেন ৩৮ জন। এঁদের মধ্যে আগেই বেকসুর খালাস পান ১৮ জন। তাঁদের মধ্যে ছিলেন গুজরাটের তৎ​কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেতা অমিত শাহ, রাজস্থানের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া, গুজরাট পুলিশের তৎ​কালীন প্রধান পি সি পান্ডে ও গুজরাট পুলিশের সাবেক বড় কর্তা ডি জি বানজারা। ২০১২ সালে মামলাটি গুজরাট থেকে মুম্বাইয়ে সরিয়ে নেওয়া হয়। শুক্রবার বাকি যে ২২ অভিযুক্ত খালাস পেলেন, তাঁদের মধ্যে ২১ জনই পুলিশ কর্মী। অন্য ব্যক্তি গুজরাটের এক বাগানবাড়ির মালিক, যেখানে সোহরাবুদ্দিন ও তাঁর স্ত্রীকে আটকে রাখা হয়েছিল।

সোহরাবুদ্দিন শেখ পরিবারের আইনজীবী ওয়াহাব খান এই রায়ে হতাশ। রায়ের পর তিনি বলেন, গুলিতেই যে সোহরাবুদ্দিনের মৃত্যু হয়েছে আদালত তা মেনে নিয়েছে। কিন্তু আদালতে হাজির ২২ জনের কেউ সেই হত্যাকারী—তার কোনো প্রমাণ বিচারপতি পাননি। রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চতর আদালতে আবেদন করবেন বলে ওয়াহাব খান জানিয়েছেন।