সোনিকার পরিবারের ১০ প্রশ্ন

দুর্ঘটনায় নিহত মডেল সোনিকা সিংহ চৌহানের পরিবার বেশ কিছু অভিযোগ তুলেছে পুলিশের বিরুদ্ধে। এর মধ্যে গুরুতর অভিযোগ হলো, পুলিশ ভারতের বাংলা সিরিয়ালের অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে আড়াল করার চেষ্টা করছে।
চৌহান পরিবার জানায়, তদন্তের দুর্বলতা নিয়ে তাঁরা শিগগিরই পুলিশের শীর্ষ স্তর তথা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবেন।
আজ রোববার আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, সোনিকার পরিবার ও স্বজনেরা পুলিশের কাছে ১০টি জরুরি প্রশ্ন তুলেছে।
১) বিক্রম মদ খেয়েছেন কি না বুঝতে কি দুর্ঘটনার পরে তাঁর রক্তের নমুনা সংগ্রহ করেছিল পুলিশ?
২) সোনিকার বাড়িতে মৃত্যুর খবর দিতে পাঁচ ঘণ্টা কেন লাগল?
৩) সোনিকার ফোন, ওয়ালেট কেন বিক্রমের বাড়ির লোকজনকে দেয় পুলিশ?
৪) সোনিকার রক্তাক্ত পোশাকের মতো তথ্যপ্রমাণ সেদিনই সংগ্রহ না করে কেন ১১ দিন বাদে নিল পুলিশ?
৫) প্রমাণ নষ্ট বা বিকৃত হতে পারে জেনেও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি কেন অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছিল?
৬) গাড়ির পরীক্ষা কেন ৩০ ঘণ্টা বাদে করা হলো?
৭) বিক্রমের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর লিখিত অভিযোগ করা সত্ত্বেও ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর মামলা কেন দায়ের করেনি পুলিশ?
৮) তথ্যপ্রমাণ হিসেবে ঘটনাস্থলেই লেক মলের সিসিটিভির ফুটেজ কেন সংগ্রহ করেনি পুলিশ?
৯) দুর্ঘটনার সাক্ষীদের বয়ান কেন আট দিন বাদে নেওয়া হলো?
১০) থানায় জিজ্ঞাসাবাদের সময়ে ছবিতে বিক্রমের বাবাকে ক্যারাম খেলতে কেন দেখা গেল? অভিযুক্ত পক্ষের সঙ্গে থানার এই মাখামাখির কী কারণ?
তবে এসব অভিযোগ প্রসঙ্গে গোয়েন্দাপ্রধান বিশাল গর্গ দাবি করেছেন, কখন, কী হয়েছে সব খুঁটিনাটি বলা মুশকিল। তবে তদন্তে সত্যিটাই বেরিয়ে আসবে।