সোনিয়াকে কটাক্ষ করে ঝড় তুললেন মন্ত্রী

কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করে বিতর্কের ঝড় তুলেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গিরিরাজ সিং। তাঁর ওই বক্তব্যের মূল সুর ছিল, সোনিয়া শ্বেতাঙ্গ বলেই দলে এত কদর।
গতকাল বুধবার বিহারের এক ঘরোয়া আড্ডায় গিরিরাজ বলেন, ‘সোনিয়া গান্ধী যদি নাইজেরিয়ার কোনো মহিলা হতেন এবং রাজীব যদি তাঁকে বিয়ে করতেন, তা হলে তিনি কি কংগ্রেসিদের কাছ থেকে এই গুরুত্ব বা সমীহ পেতেন? পেতেন না।’
মন্তব্যটি করে গিরিরাজ হাসতে থাকেন। টিভিতে তা সম্প্রচারিত হওয়ার পর গোটা দেশে সমালোচনা শুরু হয়। কংগ্রেসের মুখপাত্র রণবীর সিং সুরজেওয়ালা বলেন, ‘এই বর্ণবৈষম্যমূলক মন্তব্যে বোঝা যায়, বিজেপির মানসিকতা কী রকম।’
ভারতীয় কমিউনিস্ট পার্টির (সিপিএম) নেত্রী বৃন্দা কারাট বলেন, ‘গিরিরাজ এই প্রথম আপত্তিকর মন্তব্য করলেন, তা নয়। প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ কী বলছে জানতে ইচ্ছে করছে। প্রধানমন্ত্রীর নীরবতায় পরিস্কার, তাঁর মন কী চায়।
প্রবল সমালোচনার মুখে কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রী গিরিরাজ বলেন, তাঁর কথায় সোনিয়া ও রাহুল আহত হলে তিনি দুঃখিত।
এদিকে দিল্লির নাইজেরীয় দূতাবাস থেকে বলা হয়েছে, ‘ভারতীয়দের আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। এমন ধরনের মন্তব্য থেকে বিরত হওয়া উচিত, যা দ্বিপক্ষীয় সম্পর্কের পক্ষে ক্ষতিকর।’