ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে মোদি নিদারুণ ব্যর্থ। নির্বাচনী প্রচারের সময় যেসব প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, দুঃখের কথা যে সেগুলো ‘হাওয়াবাজি’, অর্থাৎ কিনা ফাঁকা বুলি ছাড়া কিছুই নয়। গতকাল মঙ্গলবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে তাঁর ভাষণে সোনিয়া এ ভাষায় প্রধানমন্ত্রীর সমালোচনা করেন।
অর্থনীতি, সমাজনীতি, বিদেশনীতিসহ সর্বস্তরে মোদিকে ব্যর্থ দাবি করে সোনিয়া বলেন, প্রধানমন্ত্রী নিজের চারদিকে বিভ্রান্তির মায়াজাল সৃষ্টি করেছেন। কী যে তিনি চান, তা তিনি নিজেই বুঝতে পারছেন না।
ভারতের অর্থনীতির হাল প্রসঙ্গে কংগ্রেস সভানেত্রী বলেন, নিত্যব্যবহার্য জিনিসপত্রের দাম দিনে দিনে বেড়ে চলেছে। অর্থনীতি ক্রমশ নিম্নগামী। বেকারত্ব ঘুচিয়ে কর্মসংস্থান বাড়ানোর যে প্রতিশ্রুতি ও ‘মেক ইন ইন্ডিয়া’র যে স্লোগান মোদি দিয়েছিলেন, সে সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ও নিরাপত্তা নিশ্চিত করা প্রসঙ্গে সোনিয়া বলেন, পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। পাকিস্তানের সঙ্গে কোন ধরনের নীতি নিয়ে চলা উচিত, এ সরকার সেটাই ঠিক করতে পারছে না। অথচ প্রয়োজন একটা সুসংহত নীতি গ্রহণ করা।
গত সপ্তাহেই হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তিন দিনের সম্মেলনে প্রধানমন্ত্রীসহ গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভাকেই একধরনের জবাবদিহি করতে হয়। এর উল্লেখ করে সোনিয়া বলেন, দেশ কীভাবে ও কার তাগিদে চলবে, তা এই সম্মেলন থেকেই পরিষ্কার বোঝা গেছে।
চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের গোড়ায় কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন হওয়ার কথা। তার আগে এটাই দলের ওয়ার্কিং কমিটির শেষ বৈঠক।