সোনিয়া গান্ধীই থাকছেন কংগ্রেসের প্রধান
ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বৈঠকে বসল কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি। বৈঠকে গান্ধী পরিবারের সদস্যরা ব্যর্থতার দায় নিয়ে পদ ছাড়তে পারেন বলে গুঞ্জন উঠেছিল। তবে সে গুঞ্জন পাত্তা পেল না। কংগ্রেসের সভাপতি হিসেবে সোনিয়া গান্ধীই দায়িত্ব চালিয়ে যাবেন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে,আজ রোববার কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সাড়ে চার ঘণ্টা বৈঠক করেন। দলটির সূত্রগুলো বলেছে, সোনিয়া গান্ধীই দলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।
গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর দলের নেতৃত্ব পরিবর্তনের জোরালো দাবি ওঠে। ধারণা করা হচ্ছিল, গান্ধী পরিবারের কেউ হয়তো দায়িত্বে আর থাকবেন না। কিন্তু তেমনটা ঘটল না।
সম্প্রতি বড় কোনো নির্বাচনে তেমন সাফল্য পায়নি কংগ্রেস। রীতিমতো শোচনীয় অবস্থা হয়ে উঠেছে শতাব্দীপ্রাচীন দলের অবস্থা। গত বৃহস্পতিবার যে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল বেরিয়েছে, তাতে পুরোপুরি ভেসে গেছে দলটি। পাঞ্জাবে ক্ষমতা হাতছাড়া হয়েছে। উত্তরাখন্ড এবং গোয়ায় সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও জিততে পারেনি। মণিপুরে মুখ থুবড়ে পড়েছে। উত্তর প্রদেশে মাত্র দুটি আসনে জিতেছে, যেখানে দায়িত্বে ছিলেন সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী, যাঁকে দলের ভবিষ্যতের কান্ডারি মনে করা হচ্ছিল।
পাঞ্জাব এবং উত্তর প্রদেশের মতো রাজ্যে রাহুল এবং তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীর নেওয়া সিদ্ধান্তগুলোকে দলের নির্বাচনী বিপর্যয়ের জন্য দায়ী করছেন অনেক নেতা। এ পরিস্থিতিতে শীর্ষ নেতাদের পদত্যাগের গুঞ্জন ছড়ায়। তবে রাহুলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রণদীপ সুরজেওয়ালা বলেছেন, গান্ধী পরিবারের নেতাদের পদত্যাগের খবর সঠিক নয়।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের একটি গ্রুপ (২৩ জন নেতা) শীর্ষ নেতাদের পদত্যাগের প্রস্তাব করেন। তবে তাঁদের প্রস্তাব খারিজ হয়ে গেছে।
এনডিটিভি জানিয়েছে, দলের প্রধান সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর পদত্যাগের বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছে কংগ্রেস। গতকালের বৈঠকের আগে ঝাড়খন্ড কংগ্রেস সোনিয়া ও রাহুল গান্ধীর সমর্থনে একটি প্রস্তাবও পাস করে।
সূত্র বলছে, নতুন দলের প্রধান নির্বাচনের জন্য কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন দুই বা তিন মাস এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্ট-সেপ্টেম্বরে এ নির্বাচন নির্ধারিত ছিল। কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে আমন্ত্রিত ছিলেন ৫৭ জন নেতা। এই সংখ্যা বর্তমানে পাঁচটি রাজ্যে দলের সাংসদ ও বিধায়কের সম্মিলিত সংখ্যার চেয়ে বেশি।
ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকার কোনো পরিকল্পনা কংগ্রেস নেতৃত্বের ছিল না। কিন্তু পাঁচ রাজ্য বিধানসভার নির্বাচনে শোচনীয় ফলের পর দলীয় নেতৃত্ব নিজে থেকেই এই বৈঠক ডাকার সিদ্ধান্ত নেয়। দলে সর্বস্তরে সাংগঠনিক নির্বাচনের দাবি উঠেছে বহু দিন ধরেই।
চলতি বছরের শেষে হিমাচল প্রদেশ ও গুজরাট বিধানসভার ভোট। আগামী বছর ভোট হবে মোট ৯ রাজ্যে। ফেব্রুয়ারিতে ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে। মে মাসে ভোট কর্ণাটকে। নভেম্বরে দুই কংগ্রেসশাসিত রাজ্য রাজস্থান, ছত্তিশগড়সহ মধ্যপ্রদেশ, মিজোরাম ও তেলেঙ্গানায়। পরের বছরের মাঝামাঝি লোকসভার নির্বাচন। এই পরিস্থিতিতে ওয়ার্কিং কমিটির বৈঠক যতটা গুরুত্বপূর্ণ, ততটাই তাৎপর্যপূর্ণ।