সোনিয়া-রাহুলকে কটাক্ষে বিতর্কের ঝড়!

ভারতীয় রাজনীতিতে কুকথার ফুলঝুরি অব্যাহত। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গিরিরাজ সিংয়ের একটি মন্তব্য নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুলকে কটাক্ষ করে এই মন্তব্যের পর দলমত-নির্বিশেষে গিরিরাজ সমালোচিত হচ্ছেন। প্রবল সমালোচনার মুখে কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রী বলেন, তাঁর কথায় সোনিয়া ও রাহুল আহত হলে তিনি দুঃখিত। কিন্তু তা সত্ত্বেও সমালোচনা বন্ধ হয়নি। বিরোধীরা তো বটেই, বিজেপির নেতারাও বলেছেন, প্রধানমন্ত্রীর চুপ করে থাকা উচিত হবে না।
বিহারের হাজিপুর জেলায় এক ঘরোয়া আড্ডায় গিরিরাজ সিং বলেন, সোনিয়া গান্ধী যদি নাইজেরিয়ার কোনো মহিলা হতেন এবং রাজীব যদি তাঁকে বিয়ে করতেন, তা হলে তিনি কি কংগ্রেসিদের কাছ থেকে এই গুরুত্ব বা সমীহ পেতেন? পেতেন না। এই মন্তব্য করার সঙ্গে সঙ্গে গিরিরাজ হাসতে থাকেন। টিভির পর্দায় সেই মন্তব্য সম্প্রচারিত হওয়ার পর থেকেই গোটা দেশে সমালোচনার ঝড় বয়ে যায়। কংগ্রেসের মুখপাত্র রণবীর সিং সুরজেওয়ালা এবং আরপিএন সিং তীব্র প্রতিবাদ করে বলেন, এই বর্ণবৈষম্যমূলক মন্তব্যের মধ্য দিয়ে বোঝা যায়, বিজেপির মানসিকতা কী রকম। সিপিএম নেত্রী বৃন্দা কারাট বলেন, গিরিরাজ এই প্রথম আলটপকা ও আপত্তিকর মন্তব্য করলেন তা নয়। এর আগেও করেছেন। প্রধানমন্ত্রীর মন কি বাত কী বলছে জানতে ইচ্ছে করছে। প্রধানমন্ত্রীর নীরবতা বুঝিয়ে দিচ্ছে তাঁর মন কি চায়।
গিরিরাজ বিহারের প্রভাবশালী ভূমিহার সম্প্রদায়ের নেতা। এই বছরের অক্টোবর মাসে বিহারে ভোট। সেই ভোটে বিজেপিকে রুখতে কংগ্রেস-আরজেডি-সংযুক্ত জনতা দল একজোট হয়েছে। এই অবস্থায় গিরিরাজের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো ব্যবস্থা নেবেন তেমন মনে করা হচ্ছে না। তার ওপর গিরিরাজ সেই নেতাদের একজন যিনি বলেছিলেন, মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে যাঁরা মেনে নেবে না তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত। সেই মন্তব্যের পরেও গিরিরাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো হয়ইনি, বরং তাঁকে মোদি তাঁর মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন।
তবে এই মন্তব্যের একটা আন্তর্জাতিক প্রেক্ষিতও রয়েছে। দিল্লিতে নাইজেরিয়া দূতাবাস থেকে বলা হয়েছে, ভারতীয়দের আমরা সম্মান করি। শ্রদ্ধা করি। এমন ধরনের মন্তব্য থেকে বিরত হওয়া উচিত যা দ্বিপক্ষীয় সম্পর্কের পক্ষে ক্ষতিকর। বিজেপি নেত্রী কিরণ বেদী এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, যেকোনো বিষয়ে প্রধানমন্ত্রীকে মন্তব্য করতে হবে তা মানি না। তবে এই মন্তব্য ভয়ংকর। প্রধানমন্ত্রীর উচিত ব্যবস্থা নেওয়া।
প্রধানমন্ত্রী অবশ্য এখনো নির্বাক। সোনিয়ার পাশাপাশি রাহুল সম্বন্ধে গিরিরাজের কটাক্ষ, গোটা বাজেট অধিবেশন কেটে গেল রাহুলের খোঁজ নেই। কোথায় আছেন কী করছেন কেউ জানে না। এ যেন সেই মালয়েশিয়ার বিমান। কোথায় যে হারিয়ে গেল কেউ জানে না। প্রবল সমালোচনার মুখে গিরিরাজ অবশ্য বলেছেন, ঘরোয়া আড্ডায় নিভৃতে অনেকেই অনেক কিছু বলে থাকে। তবু আমার কথায় সোনিয়া বা রাহুল আঘাত পেলে আমি দুঃখিত।