ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে আয়কর বিভাগকে তদন্ত করার নির্দেশ দিলেন দিল্লি হাইকোর্ট। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র জানিয়েছেন, হাইকোর্টের এ সিদ্ধান্ত গান্ধী পরিবারের কাছে এক বিরাট ধাক্কা।
মামলাটি করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর অভিযোগ, শতাব্দী প্রাচীন সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি সোনিয়া ও রাহুল গান্ধী নামমাত্র মূল্যে হস্তান্তর করেছেন। এটা করতে গিয়ে তাঁরা ইয়ং ইন্ডিয়া নামের একটি কোম্পানি খোলেন। সেই কোম্পানি মাত্র ৫০ লাখ রুপিতে ন্যাশনাল হেরাল্ডের যাবতীয় সম্পত্তি হাতিয়ে নেয়। দিল্লি হাইকোর্ট আজ শুক্রবার এ অভিযোগের তদন্ত করতে আয়কর বিভাগকে অনুমতি দেন। নির্দেশে বলা হয়েছে, ন্যাশনাল হেরাল্ড লেনদেন-সংক্রান্ত যাবতীয় তথ্য ও নথি আয়কর বিভাগের হাতে তুলে দিতে হবে।
ন্যাশনাল হেরাল্ড পত্রিকা ভারতের স্বাধীনতাসংগ্রামের সঙ্গী ছিল। জওহরলাল নেহরু ছিলেন এই কাগজের প্রতিষ্ঠাতা সম্পাদক। পত্রিকাটি চালাত অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) নামের এক সংস্থা। দিল্লি, লখনৌ, পাটনাসহ দেশের বিভিন্ন স্থানে এই সংস্থার সম্পত্তির মূল্য দুই হাজার কোটি রুপি বলে স্বামীর দাবি। পত্রিকাটি ২০০৮ সালে বরাবরের জন্য বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এর আগে সেটি চালাতে কংগ্রেস ৯০ কোটি ২৫ লাখ রুপি এজেএলকে ঋণ দিয়েছিল। স্বামীর অভিযোগ, ইয়ং ইন্ডিয়া লিমিটেড নামে এক কোম্পানি খোলেন সোনিয়া ও রাহুলসহ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতা। সেই কোম্পানি মাত্র ৫০ লাখ রুপিতে এজেএলের সবকিছু কিনে নেয়। এর ফলে এজেএলের বকেয়া ৯০ কোটি ২৫ লাখ রুপি আদায়ের অধিকারও ইয়ং ইন্ডিয়া লাভ করে। সেই সঙ্গে অধিকার পায় এজেএলের যাবতীয় সম্পত্তির। স্বামীর অভিযোগ, এভাবে নামমাত্র মূল্যে ইয়ং ইন্ডিয়া লিমিটেড এজেএলের দুই হাজার কোটি রুপির সম্পত্তিরও মালিক হয়ে গেছে।
ইয়ং ইন্ডিয়া লিমিটেডে সোনিয়া ও রাহুলের শেয়ার রয়েছে ৭৬ শতাংশ। বাকি শেয়ার ভাগাভাগি করা আছে কংগ্রেসের কোষাধ্যক্ষ মোতিলাল ভোরা, অস্কার ফার্নান্দেজ, সুমন দুবে, স্যাম পিত্রোদাসহ অন্যদের মধ্যে।
কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি শুক্রবার বলেছেন, ইয়ং ইন্ডিয়া লিমিটেডের বিরুদ্ধে তদন্ত চালানোর মতো যথেষ্ট তথ্য আয়কর বিভাগের হাতে নেই। তাঁরা তাই নতুন করে আয়কর তদন্তের নির্দেশের বিরোধিতা করবেন।