সোনিয়া সরকার গঠনের ব্যর্থ চেষ্টা করেছিলেন!

১৯৯৭ সালে কংগ্রেসের সাধারণ সদস্যপদ পেয়েও মাত্র ৬২ দিনের মধ্যে সোনিয়া গান্ধীর দলের সভানেত্রী হয়ে ওঠেন। সে সময় সরকার গড়ার একটা অসফল চেষ্টাও তিনি করেছিলেন।
মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র ‘কংগ্রেস দর্শন’-এ সোনিয়া গান্ধীর কড়া সমালোচনা করে এই মন্তব্য করা হয়েছে। শুধু তাই নয়, ১৫ ডিসেম্বর সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশিত সেই সংখ্যায় অনামী লেখকদের লেখা নিবন্ধে জওহরলাল নেহরু, সোনিয়া ও তাঁর বাবা স্টিফানো মাইনোকে নিয়ে সমালোচনা প্রকাশিত হয়েছে।
আজ সোমবার কংগ্রেস যখন ১৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, তখন কংগ্রেসে হই চই ফেলে দিয়েছে এই সমালোচনা। এ ঘটনা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই মুখপাত্রটির বিষয় সম্পাদক সুধীর যোশিকে বরখাস্ত করা হয়েছে।
নেহরু সম্পর্কিত নিবন্ধে বলা হয়েছে, ‘নেহরু যদি সর্দার বল্লভভাই প্যাটেলের পরামর্শ মেনে চলতেন, তা হলে কাশ্মীর, চীন, তিব্বত ও নেপালের সমস্যা এত দীর্ঘায়িত হতো না।’ ১৯৫০ সালে নেহরুকে লেখা প্যাটেলের একটি চিঠির কথা উল্লেখ করে বলা হয়েছে, প্যাটেল চীনের তিব্বত নীতি সম্পর্কে নেহরুকে সাবধান করেছিলেন। সেই চিঠিতে প্যাটেল চীনকে ‘অবিশ্বস্ত ও ভবিষ্যতের শত্রু’ বলে চিহ্নিত করেছিলেন।
নেহরু-প্যাটেল সম্পর্কের টানাপোড়েনের উল্লেখ করে নিবন্ধে লেখা হয়েছে, প্যাটেল উপপ্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পেলেও দুজনের পারস্পরিক সম্পর্ক কুসুম-কোমল ছিল না। দুজনেই বারবার ইস্তফা দেওয়ার হুমকি দিয়েছেন। প্যাটেলের দূরদৃষ্টি নেহরুর থাকলে আন্তর্জাতিক সম্পর্কের অনেক জটিলতাই দূর হয়ে যেত।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর সম্পর্কে নিবন্ধে লেখা হয়েছে, সোনিয়ার বাবা ছিলেন ইতালির একজন ফ্যাসিস্ট সৈনিক। সোনিয়ার পরিবার ও তাঁর শৈশব-কৈশোর বয়সের কথা উল্লেখ করে লেখা হয়েছে, তিনি ছেলেবেলায় বিমান সেবিকা হওয়ার স্বপ্ন দেখতেন। ১৯৯৭ সালে কংগ্রেসের সাধারণ সদস্যপদ পেয়েও মাত্র ৬২ দিনের মধ্যে তিনি দলের সভানেত্রী হয়ে ওঠেন। এমনকি, সরকার গড়ার একটা অসফল চেষ্টাও তিনি করেছিলেন।
এই নিবন্ধের পূর্ণ দায় কাঁধে নিয়ে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করছেন মুখপাত্রটির সম্পাদক সঞ্জয় নিরুপণ। তিনি বলেছেন, সম্পাদক হলেও মুখপাত্রের প্রতিদিনের কাজের দেখভাল তিনি করতেন না। কে বা কারা এই নিবন্ধ লিখেছেন তাও তাঁর অজানা। তিনি ইতিমধ্যেই এই বিষয়ে খোঁজখবর নিতে নির্দেশ দিয়েছেন। কীভাবে কার চোখ এড়িয়ে এই লেখা জোগাড় ও ছাপা হলো, তা তদন্ত করতে বলা হয়েছে।
কংগ্রেস নেতা সালমান খুরশিদ ও রাজ বব্বরও এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেছেন, কী করে এমন লেখা ছাপা হয় তা এআইসিসির খতিয়ে দেখা দরকার।
এদিকে এই নিবন্ধ প্রসঙ্গে বিজেপির মুখপাত্র প্রকাশ জাভড়েকর বলেছেন, সত্য কখনো চাপা রাখা যায় না। একদিন না একদিন তা প্রকাশিত হবেই। কংগ্রেসের মুখপাত্রই সেই সত্য প্রকাশ করছে। সোনিয়া গান্ধীরই বরং বলা উচিত, তাঁর ও তাঁর বাবার সম্পর্কে যা লেখা হয়েছে, তা সত্য কি না।
সরাসরি কংগ্রেসের পাশে না দাঁড়ালেও মহারাষ্ট্রে কংগ্রেসের শরিক এনসিপি নেতা মজিদ মেনন বলেছেন, এসব পুরোনো কথা নতুনভাবে তোলার কোনো প্রয়োজন আজ নেই। গত ২০-২৫ বছর ধরে সোনিয়া ভারতের রাজনীতিতে অনেক ওঠা-নামা দেখেছেন। মনমোহন সিংয়ের পাশে থেকে তিনি দশ বছর দেশ চালানোর শরিক হয়েছেন। আজ যে কথা বলা হচ্ছে, তা দুই-আড়াই দশকের পুরোনো। নতুন করে এসব প্রশ্ন তোলা অনর্থক।