রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই—যেন এরই প্রতিফলন ঘটছে বিধানসভা নির্বাচনে। চিরশত্রু কংগ্রেস এবং বামফ্রন্ট এবার জোট গড়েছে তৃণমূলকে হটানোর জন্য।
এখন কংগ্রেসের প্রার্থীর প্রচারে যেমন বাম দলের পতাকা হাতে তাদের কর্মী-সমর্থকেরা যোগ দেন, ঠিক তেমনি বাম দলের প্রার্থীর প্রচারেও কংগ্রেসের পতাকা নিয়ে তাদের কর্মী-সমর্থকেরা যোগ দেন।
কলকাতার ঐতিহ্যবাহী এলাকা হলো চৌরঙ্গি। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা বা এসপ্লানেড এই চৌরঙ্গি আসনেরই অন্তর্গত। এই আসনেই কংগ্রেস এবার প্রার্থী করেছে দলের প্রবীণ নেতা সোমেন মিত্রকে। বাংলাদেশের যশোরে জন্ম নেওয়া সোমেনের বয়স এখন ৭২ বছর। ছিলেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক ও সাংসদ। ১৯৭২ থেকে ২০০৯ পর্যন্ত তিনি ছিলেন বিধায়ক। ২০০৯ সালেই হয়েছিলেন তৃণমূলের সাংসদ। এবার এই চৌরঙ্গি আসনে সোমেন মিত্র লড়ছেন কংগ্রেস-বাম দলের প্রার্থী হয়ে।
সোমেন মিত্রের কংগ্রেসের রাজ্য সভাপতির আমলেই মমতা দলের সভাপতি হতে না পেরে সেদিন কংগ্রেস ছেড়ে গড়েছিলেন তৃণমূল কংগ্রেস। সেই থেকে মমতার সঙ্গে সোমেনের রাজনৈতিক দূরত্ব থাকলেও পরবর্তী সময়ে তিনি তৃণমূলে যোগ দিয়ে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সাংসদও হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি ছেড়েছিলেন তৃণমূল কংগ্রেস।
২০১১ সালের সর্বশেষ বিধানসভা নির্বাচনে এই চৌরঙ্গি কেন্দ্রে কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের জোট প্রার্থী হয়ে জিতেছিলেন সোমেনের স্ত্রী শিখা মিত্র। প্রতিপক্ষ ছিলেন বামফ্রন্টের শরিক রাষ্ট্রীয় জনতা দলের বিমল সিং। ২০১৩ সালে সোমেন মিত্রের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ভেঙে গেলে বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন শিখা মিত্র। পরে ওই বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত উপনির্বাচনে এই আসনটিতে জয়ী হন তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। তিনি আবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী।
বিজেপি এখানে প্রার্থী করেছে তাদের এক নেতা রীতেশ তেওয়ারিকে। রীতেশ তেওয়ারিরও এই অঞ্চলে যথেষ্ট প্রভাব রয়েছে। ফলে এই আসনে লড়াই এবার ত্রিমুখী।
গতকাল সোমেন মিত্র প্রথম আলোকে বলেন, তাঁর জয়ের শক্তি মানুষ। মানুষ তাঁর জন্য আশীর্বাদ করলে তিনি জয়ী হবেন। গতকাল বিকেলে রাসমণি রোডে তিনি যখন নির্বাচনী প্রচারে নামেন, তখন তাঁর গলায় ছিল সিপিএমের কাস্তে-হাতুড়ি আঁকা লাল উত্তরীয়। পাশে তাঁর সমর্থকদের হাতে কংগ্রেসের তিনরঙা পতাকা। আর ছিল সিপিএমের লাল পতাকা। সবার কণ্ঠে ছিল ‘সোমেনদাকে জয়ী করুন’।