মার্ক্সিজম এখনো ছোট। তাই বলে সোশ্যালিজমের বিয়েতে সে যেতে পারবে না, তা তো হয় না। তাই যদি হয়, তাহলে কমিউনিজম এবং লেনিনিজমই বা বরযাত্রী হবে না কেন। অবশ্যই হবে, তারা সবাই কাল সোশ্যালিজমের বিয়ে খাবে।
যা শুনলেন সেটাই ঠিক। কোনো রকম চাতুরীই নেই এর মধ্যে। ভারতের তামিলনাড়ু রাজ্যে আগামীকাল রোববার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এক যুবক, তাঁর নাম সোশ্যালিজম। তাঁর দুই বড় ভাইয়ের নাম কমিউনিজম, লেনিনিজম আর ভাতিজার নাম মার্ক্সিজম।
ভারতের কমিউনিস্ট পার্টির তামিলনাড়ু রাজ্যের একটি জেলার সাধারণ সম্পাদক এ মোহন। তাঁর পরিবারের সদস্যদের ব্যতিক্রমধর্মী নামের কারণেই ওই বিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে পুরো ভারতে।
মোহন তাঁর তিন সন্তানের নাম রেখেছেন বামধারার রাজনৈতিক ভিন্ন ভিন্ন ভাবাদর্শের সঙ্গে মিল রেখে। এমনকি মেজ ছেলে লেনিনিজমের সন্তানের নামও মার্ক্সিজম রাখা হয়েছে। পাঁচ মাস বয়সী মার্ক্সিজমও চাচার বিয়েতে থাকছে।
সন্তানদের এ রকম নাম রাখার বিষয়ে মোহন এএফপিকে বলেন, ‘সোভিয়েত ইউনিয়ন পতনের সময় তাঁর প্রথম সন্তানের জন্ম। কমিউনিজমের অবসান হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর প্রকাশিত হয়, যা আমি নিজে পড়েছি। কিন্তু বিশ্বে মানবজাতি যত দিন টিকে থাকবে, তত দিন কমিউনিজম থাকবে। তাই প্রথম সন্তানের নাম আমি কমিউনিজম রাখি।’
বড় ছেলের মতো মেজ ছেলের নাম লেনিনিজম ও ছোট ছেলের নাম সোশ্যালিজম রাখেন মোহন। সোশ্যালিজমের বিয়ের নিমন্ত্রণপত্রেও রয়েছে ব্যতিক্রমের ছাপ। নিমন্ত্রণপত্রে বাম দলগুলোর প্রতীক হাতুড়ি ও কাস্তের ছবি সেঁটে দেওয়া হয়েছে। এই নিমন্ত্রণপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে।
কনের পরিবারও নাম রাখার ক্ষেত্রে আলোচিত। পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নামানুসারে কনের নাম পি মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন তাঁর দাদি, যিনি কংগ্রেসের নেত্রী ছিলেন।