সৌদি আরব সবচেয়ে বড় অস্ত্র অমদানিকারক
ভারতকে টপকে গত বছর বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে সৌদি আরব। তবে সবচেয়ে বড় অস্ত্রবিক্রেতা দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। খবর গার্ডিয়ানের।
লন্ডনভিত্তিক প্রতিরক্ষাবিষয়ক খ্যাতনামা সাময়িকী আইএইচএস জেনস-এর এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। গত রোববার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে বিশ্বে অস্ত্র ব্যবসার পরিমাণ দাঁড়ায় ৬ হাজার ৪৪০ কোটি মার্কিন ডলার। এ সময় এশিয়ার চীন তৃতীয় বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ ছিল।
অস্ত্র বিক্রির পরিমাণ বেড়ে যাওয়ার প্রসঙ্গে ওই সাময়িকীটির বিশেষজ্ঞ বেন মোরেস বলেন, ‘যুদ্ধবিমানের জন্য ক্রমবর্ধমান অর্থনীতির দেশগুলোর চাহিদা অভাবনীয় বেড়ে যাওয়া এবং মধ্যপ্রাচ্য ও এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাড়তে থাকা অস্থিতিশীল পরিস্থিতি অস্ত্র বিক্রি বেড়ে যাওয়ার কারণ।’
প্রতিবেদনে বিশ্বের ৬৫টি দেশের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের চিত্র তুলে ধরা হয়। এতে দেখা যায়, সৌদি আরব ২০১৪ সালে প্রতিরক্ষা খাতে ৬৪০ কোটি ডলার ব্যয় করে। গেল বছর ভারত এ খাতে ব্যয় করে ৫৫০ কোটি ডলার। ২০১৪ সালে সৌদি আরবের প্রতিরক্ষা ব্যয় এর আগের বছরের তুলনায় ৫৪ শতাংশ বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে মোট অস্ত্র ক্রয়ে প্রতি সাত ডলারের এক ডলারই হবে সৌদি আরবের।
২০১৪ সালে সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ ছিল যুক্তরাষ্ট্র। এ সময়ে ২ হাজার ৩৭০ কোটি বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করে দেশটি। দ্বিতীয় স্থানে ছিল রাশিয়া, অস্ত্র বিক্রির পরিমাণ এক হাজার কোটি ডলারের।